ঢাকা, ৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- পাকিস্তানভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা সিম-এর (স্পোর্টস ইন্টারন্যাশনাল মার্কেটিং) প্রতিনিধি ঢাকায় চলে এসেছেন। বৃহষ্পতিবারই তাদের সঙ্গে কানাডার টরেন্টোতে টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি হয়ে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সূচীর বাইরের এই চার জাতির টুর্নামেন্ট খেলে মোটা অঙ্কের আয়ও নিশ্চিত। তবে এখনো চুক্তিটা হয়নি বলে অঙ্কটা জানাতে রাজী নন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু। শুধু এটুকু বললেন, "এই টুর্নামেন্টে খেলে বিসিবির আয়টা বেশ ভালোই হবে।"
অবশ্য শুধু অর্থ উপার্জনের জন্যই বাংলাদেশ ওই টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছে না বলে দাবি করেছেন তিনি। এতে স্বাগতিক কানাডা ছাড়াও আছে পাকিস্তান এবং ওয়েষ্ট ইন্ডিজের মতো দল। অস্ট্রেলিয়া সফরের আগে ওই দুটো দলের বোলারদের মুখোমুখি হবেন বাংলাদেশের ব্যাটসম্যানরা, এটাকেও বড় এক সুযোগ হিসেবে দেখা হচ্ছে বিসিবির তরফ থেকে। চারদিনের এই টুর্নামেন্ট খেলার জন্য অবশ্য বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর কিছুটা সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এবং সেই সঙ্গে অস্ট্রেলিয়ায় নির্ধারিত একটা চারদিনের ম্যাচও বিসর্জন দিতে হচ্ছে। টরেন্টোর টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্ট ১৪ আগস্ট শুরু হয়ে শেষ হবে ১৭ আগস্ট। প্রতিটা দল একে অন্যের বিপক্ষে একবার করে খেলবে। আর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে খেলবে।
এই টুর্নামেন্ট খেলে কানাডা থেকেই অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ায় চারদিনের ম্যাচটি বাদ দিয়ে এখন তাই বাংলাদেশের সূচীতে থাকছে কেবল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং তিনটি একদিনের প্রস্তুতি ম্যাচ। এই সফরে বাংলাদেশ টেস্ট খেলবে না জানা কথাই। টেস্ট সিরিজের জন্য ২০০৯ সালে আবার বাংলাদেশকে আতিথ্য দেওয়ার কথা ক্রিকেট অস্ট্রেলিয়ার। এবার বিসর্জন দেওয়া চারদিনের ম্যাচটি ওই সফরে খেলার সুযোগ দেওয়ার অনুরোধ জানাবে বিসিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪৫ঘ.
bdnews24