ঢাকা, ৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- শাকিল কাশেম এবং গোলাম মোহাম্মদ আলমগীর কার্যনির্বাহী সদস্য হিসেবে ক্রিকেট বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছিলেন দিনকয়েক আগে। মঙ্গলবার তাদের দেওয়া হয়েছে সুনির্দিষ্ট দায়িত্ব। দুজনকে দুটো গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান করা হয়েছে।
সাবেক জাতীয় ক্রিকেটার শাকিল কাশেম দায়িত্ব পালন করবেন 'গেম ডেভেলপমেন্ট কমিটি'র চেয়ারম্যান হিসেবে। পদত্যাগী সদস্য লে. কর্ণেল (অব.) আব্দুল লতিফ এই দায়িত্ব পালন করছিলেন অন্তর্বর্তী কমিটি দায়িত্ব নেয়ার পর থেকেই। ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করলে এই জায়গাটি শূন্য হয়ে ছিল।
আরেক সদস্য সেলিম ভুঁইয়া দুর্নীতি মামলার আসামী হিসেবে কারাগারে থাকায় তার জায়গায় বোর্ডে ঢুকেছেন গোলাম মোহাম্মদ আলমগীর। তাকে দায়িত্ব দেয়া হয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ বা সিসিডিএম-এর চেয়ারম্যানের। পাশাপাশি টুর্নামেন্ট কমিটির প্রধানেরও দায়িত্ব পেয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/২১৫৫ঘ.
bdnews24