ব্যাসেটেরে, সেন্ট কিটস, ওয়েস্ট ইন্ডিজ ৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আগের ম্যাচটি মাত্র ১ রানে হেরে তুমুল প্রতিদ্বন্দিতার আশা জাগালেও অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ও সিরিজেরে শেষ ওয়ানডেতে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। লুক রঞ্চি (৬৪), মাইক হাসি (৫১), অ্যান্ড্রু সাইমন্ডস (৬৬) আর ডেভিড হাসির (৫২) ফিফটির কল্যাণে ৩৪২ রানের জয়ের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে গত ম্যাচেই অভিষিক্ত শন ফিন্ডলে (৫৯) আর ইনফর্ম চন্দরপল (৩৮) ছাড়া বাকিদের চরম ব্যর্থতায় ৩৯.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় ক্রিস গেইলের দল। ফলে ৫ ম্যাচ সিরিজের শেষটিতে ১৬৯ রানে হেরে হোয়াইটওয়াশ হলো তারা।
চতুর্থ ম্যাচ হারতে হারতে জিতলেও রোববার ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড পরাজয়ের লজ্জায় ডুবিয়েছে অস্ট্রেলিয়া। এ ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে নিজেদের সবচেয়ে বড় স্কোর গড়ে তাদের বিপক্ষে সবচেয়ে বড় জয়ের দেখাও পেয়েছে অস্ট্রেলিয়া। এতদিন ২০০১ সালে সিডনিতে পাওয়া ১৩৪ রানের জয়টিই ছিল সবার সেরা। এবারের ১৬৯ রানের জয়ে সেটা একেবারেই ম্লান। স্বাগতিকদের এমন এক পরাজয়ের লজ্জা দিতে ২৯ রানে ৫ উইকেট নিয়েছেন মিশেল জনসন। মাইকেল ক্লার্ক আর অ্যান্ড্রু সাইমন্ডস পেয়েছেন দুটি করে উইকেট। তবে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ২৮ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় ৬৪ রান করা লুক রঞ্চি। সে তুলনায় শেন ওয়াটসন এ ম্যাচে বেশ অনুজ্জ্বল। ব্যাট হাতে ২৯ রান করার পর উইন্ডিজ ওপেনার জেভিয়ার মার্শালের উইকেটটিই শুধু পেয়েছেন। তাতে কি! সিরিজ জুড়ে চোখে পড়ার মতো অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য সিরিজের স্বীকৃতি দেয়া হয়েছেন তাকেই। এ পুরস্কার অবশ্য তার কাছে একেবারে নতুন কিছু নয়। কদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এও প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন শেন ওয়াটসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৪৫৪ ঘ.
bdnews24