করাচি, ৫ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপার ফোরে শ্রীলঙ্কা পাত্তাই পায়নি ভারতের কাছে। ৩০৯ রানের লক্ষ্যে সহজেই পৌঁছে গিয়ে ফাইনাল নিশ্চিত করতে তেমন সমস্যা হয়নি 'টিম ইন্ডিয়া'র। কিন্তু রোববার এশিয়া কাপের ফাইনালে সেই শ্রীলঙ্কার মুখোমুখি দাঁড়ানোর আগে তেমন স্বস্তিতে নেই মহেন্দ্র সিং ধোনির দল। তাদের অস্বস্তির সবচেয়ে বড় কারণ বোলারদের বাজে পারফরম্যান্স।
অন্যদিকে সুপার ফোরে ভারতের বিপক্ষে ৩০৮ রান করে হার মানলেও একটা জায়গায় শ্রীলঙ্কানদের এগিয়ে রাখতেই হবে। সেটা বোলিং আক্রমণ। অভিজ্ঞ ভাস-মুরালিধরন তো আছেনই, তরুণ স্পিনার অজন্তা মেন্ডিসের দুর্দান্ত পারফরম্যান্স এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নদের একটা বড় শক্তির জায়গা। রোববারের ফাইনাল তাই এক দিক দিয়ে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সঙ্গে শ্রীলঙ্কার বোলিং আক্রমণের অঘোষিত লড়াই।
বোলিং নিয়ে দুশ্চিন্তা থাকলেও ব্যাটিং যথারীতি ভারতের সবচেয়ে বড় ভরসার উৎস। সুপার ফোরে শ্রীলঙ্কা-পাকিস্তান দু দলের বিপক্ষেই তিন শ'র ওপরে সংগ্রহ ছিল তাদের, বাংলাদেশের ছুড়ে দেয়া ২৮৩ রানের চ্যালেঞ্জ জয় করতেও একটুও সমস্যা হয়নি। প্রথম রাউন্ডে পাকিস্তানের ২৯৯ রানও হেসে-খেলে পেরিয়ে গিয়েছিল তারা। দুই ওপেনার বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীরের ঝড়ো সূচনাই ভারতের ব্যাটিং সাফল্যের অন্যতম কারণ। রায়না-যুবরাজ-ধোনি-রোহিতরাও ভালো ফর্মে আছেন।
তবে ব্যাটসম্যানদের সাফল্য ম্লান করে দিচ্ছেন বোলাররা। সুপার ফোরে পাকিস্তানের সঙ্গে ৩০৮ রান করেও বোলারদের ব্যর্থতায় তারা ম্যাচটা হেরে গিয়েছিল সহজেই। চোটের কারণে প্রথম তিন ম্যাচে খেলতে না পারা ইরফান পাঠান সেদিনই প্রথম মাঠে নেমেছিলেন টুর্নামেন্টে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি ভারতের। উল্টো ইরফানের খরুচে বোলিং (১০ ওভারে ৬৮ রান) জয়ের পথ সুগম করে দিয়েছিল পাকিস্তানের। শ্রীলঙ্কার সঙ্গে পাঠানদের ছোট ভাইয়ের অবস্থা ছিল আরো করুণ। দিলশানের উইকেট পেলেও ১০ ওভারে তাকে খরচ করতে হয়েছে ৮০ রান!
ধোনি অবশ্য ইরফান কিংবা অন্য বোলারদের ঘাড়ে কোনো দোষ চাপাতে চাইছেন না। করাচির ন্যাশনাল স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেট তো সব দলের বোলারদের জন্যই পরিণত হয়েছে বধ্যভূমিতে। ভারত অধিনায়ক তাই ব্যাটিং দিয়েই বোলারদের অনুজ্জ্বল পারফরম্যান্স ভুলিয়ে দিতে চাইছেন, "মাঝের ওভারগুলোতে স্পিনারদেরও টার্ন পেতে বেশ সমস্যা হচ্ছে। তাই ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে আর সমর্থন দিতে হবে বোলারদের।"
ধোনির দলের স্পিনারদের হয়তো টার্ন পেতে অসুবিধা হচ্ছে। জয়াবর্ধনের দলের সে সমস্যা নেই। মুরালি তো যে কোনো উইকেটেই বল টার্ন করাতে সক্ষম। এই জায়গায় অজন্তা মেন্ডিসের দক্ষতাও কম নয়। বরং বেশিই বলা যায়। মাত্র ৪ ম্যাচ খেলেই সুপার ফোর শেষে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট (১১টি) সংগ্রাহক। এবং এই ১১ উইকেট এসেছে মাত্র ১২ গড়ে, ওভারপ্রতি ৩.৮৮ রান খরচায়। এমনকি সর্বকালের সেরা অফস্পিনার, টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী মুরালিকেও (৪ ম্যাচে ১৫.৮ গড়ে ১০ উইকেট, ইকোনমি রেট ৩.৯৫) এই টুর্নামেন্টে সব দিক দিয়ে পেছনে ফেলে দিয়েছেন তিনি!
সন্দেহ নেই এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার সবচেয়ে বড় আবিষ্কার ২৩ বছর বয়সী অজন্তা মেন্ডিস। দু দিকেই টার্ন করাতে পারদর্শী বলে তার বল বুঝতে ভীষণ সমস্যা হচ্ছে ব্যাটসম্যানদের। এমনিতে ভারতের ব্যাটসম্যানরা স্পিন খুব ভালো খেললেও ফাইনালে মেন্ডিসকে নিয়ে মুশকিলে পড়তে পারে 'টিম ইন্ডিয়া'। এখনো যে মেন্ডিসের বল খেলার সুযোগ হয়নি ধোনি-যুবরাজদের! আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় ভারতের সঙ্গে সুপার ফোরে তাকে খেলায়নি শ্রীলঙ্কা। তাই এই স্পিনারের 'রহস্য' উদ্ঘাটনের জন্য ভারতের সামনে এখন ভিডিও ফুটেজই সবচেয়ে বড় অবলম্বন।
রোববারের ফাইনাল ভারতের জন্য একটা প্রতিশোধের উপলক্ষ্যও বয়ে এনেছে। চার বছর আগে এশিয়া কাপের ফাইনালে তাদেরকে ২৫ রানে হারিয়ে দিয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা। এমনিতে এশিয়া কাপে শ্রীলঙ্কার সাফল্য বিস্ময়কর। আগের ৮টি আসরেরই ফাইনালে খেলে ৩টিতে জিতেছিল তারা। ভারত সবগুলোর ফাইনালে উঠতে না পারলেও শিরোপা-সংখ্যায় এগিয়ে আছে শ্রীলঙ্কার চেয়ে। ৬ বার ফাইনালে উঠে ৪ বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে তারা। অর্থাৎ রোববার জয় পেলে এশিয়া কাপে ৪টি শিরোপা নিয়ে ভারতের পাশে দাঁড়াতে পারবে শ্রীলঙ্কা। অন্যদিকে ধোনির দলের সামনে গত বারের পরাজয়ের প্রতিশোধ নেয়ার হাতছানি। সব মিলিয়ে জমজমাট একটা ফাইনালের প্রত্যাশা করতেই পারে ক্রিকেট-ভক্তরা।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৩১ঘ.
bdnews24