২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে হারলেই পাকিস্তানের বিদায়

পাকিস্তানের এশিয়া কাপ স্মৃতি তেমন সুখকর নয়। এশিয়ার সেরা ক্রিকেট টুর্নামেন্টের আগের আটটি আসরে তারা শেষ হাসি হেসেছে মাত্র মাত্র একবার। বিস্ময়কর হলেও সত্যি, এই আটটি টুর্নামেন্টে একবারও আয়োজক ছিল না পাকিস্তান। এবার সে সুযোগটা পেয়েছে তারা, কিন্তু সেটা উপভোগ করার বদলে পাকিস্তানীরা বরং এখন টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার আশঙ্কার সামনে দাঁড়িয়ে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 03:31 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

করাচি, ১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের এশিয়া কাপ স্মৃতি তেমন সুখকর নয়। এশিয়ার সেরা ক্রিকেট টুর্নামেন্টের আগের আটটি আসরে তারা শেষ হাসি হেসেছে মাত্র মাত্র একবার। বিস্ময়কর হলেও সত্যি, এই আটটি টুর্নামেন্টে একবারও আয়োজক ছিল না পাকিস্তান। এবার সে সুযোগটা পেয়েছে তারা, কিন্তু সেটা উপভোগ করার বদলে পাকিস্তানীরা বরং এখন টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার আশঙ্কার সামনে দাঁড়িয়ে! বুধবার সুপার ফোরের গুরুত্বপূর্ণ এক ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে গেলে বিদায় ঘন্টা বেজে যাবে তাদের, ঘরের মাঠে আয়োজিত প্রথম এশিয়া কাপ একরাশ হতাশাই শুধু বয়ে আনবে পাকিস্তানের জন্য। আর ম্যাচটা জিতলে ভারত এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে ফেলবে ফাইনাল। গ্র"প পর্বে ভারতের সঙ্গে ২৯৯ রান করেও ৪৭ বল আগে ৬ উইকেটে হেরে যাওয়া পাকিস্তান এ মুহূর্তে ভীষণ অস্বস্তিতে। সেটা শুধু ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার আশঙ্কার কারণে নয়, দলীয় কোন্দলের জন্যও। কোনো রকম রাখ-ঢাক না করেই শোয়েব মালিক জানিয়ে দিয়েছেন দল নির্বাচন নিয়ে তিনি মোটেও সন্তুষ্ট নন। সেজন্য পরোক্ষে নির্বাচকদের সমালোচনা করতেও ছাড়েননি পাকিস্তান অধিনায়ক। কোচ জিওফ লসন আবার জন্ম দিয়েছেন আরেক বিতর্কের। শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে বেশ উষ্মা নিয়ে তিনি বলেছিলেন, "শুরু করার আগে দুটো নিয়মের কথা বলে নিতে চাই। আপনারা কোনো বিবৃতি দিতে পারবেন না, শুধু প্রশ্ন করবেন। কেউ দুটো প্রশ্ন করলে আমি তার জবাব দেবো না। আর প্রশ্নগুলো হতে হবে যুক্তিসঙ্গত। নইলে আমি উত্তর দেবো না । ঠিক আছে!" লসনের এমন 'ঔদ্ধত্যপূর্ণ' মন্তব্য স্বাভাবিকভাবেই ভালো লাগেনি সাংবাদিকদের। সংবাদ সম্মেলনেই কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল লসনের। পরে টুর্নামেন্ট বয়কট করারও হুমকি দেন সাংবাদিকরা। শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরে সোমবার তাদের কাছে ক্ষমা চেয়ে পাকিস্তান কোচ বলেছেন, "যা ঘটেছে তার জন্য আমি ভীষণ অনুতপ্ত। এই ঘটনার জন্য আমি সাংবাদিকদের কাছে ক্ষমা চাইছি।" বাঁচা-মরার লড়াইয়ে নামার আগে এই ঘটনা চাপের মধ্যে ফেলতেই পারে পাকিস্তানকে। তবে দলটা পাকিস্তান বলেই শেষ কথা বলা যাচ্ছে না। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় ঘুরে দাঁড়ানোর প্রমাণ তো তারা কম রাখেনি। ঢাকায় কিটপ্লাই কাপের ফাইনালই তার সর্বশেষ উদাহরণ। পাকিস্তানের ঠিক বিপরীত অবস্থা ভারতের। টানা তিন জয় দিয়ে ফাইনালের পথে ছুটে চলা মহেন্দ্র সিং ধোনির দল এখন দারুণ ফুরফুরে মেজাজে। শেবাগ-গম্ভীর-রায়নাদের ব্যাটে রানের বন্যা। ৩ ম্যাচে দুটি সেঞ্চুরি সহ ১৫০.৫ গড়ে ৩০১ রান সুরেশ রায়নার, ২ ম্যাচে একটি সেঞ্চুরি সহ বীরেন্দর শেবাগের ব্যাট থেকে ৯৮.৫ গড়ে এসেছে ১৯৭ রান। অন্য ওপেনার গৌতম গম্ভীর সেঞ্চুরি না পেলেও ৩ ম্যাচে ১৫০ রান করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন। তিন জনের পারফরম্যান্সেই দারুণ খুশি ভারত অধিনায়ক ধোনি, "আমরা যেভাবে এগোচ্ছি তাতে আমি আনন্দিত। সুরেশ রায়না, গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগ এই টুর্নামেন্টে সত্যিই খুব ভালো ব্যাট করছে। আশা করি এই পারফরম্যান্স তারা ধরে রাখতে পারবে।" ধোনি অবশ্য চিন্তিত ছিলেন অন্য একটা বিষয় নিয়ে, চার দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলতে হয়েছে ভারতকে। বাংলাদেশের সঙ্গে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সে অসন্তুষ্টিটা প্রকাশও করেছিলেন সরাসরি,"টুর্নামেন্টের সূচী নিয়ে আমি একটুও সন্তুষ্ট নই। দুটো দলকে টানা দুদিন খেলতে হয়েছে। অন্যদিকে বাকি দুই দল এক দিন করে বিশ্রাম পেয়েছে।" সেই সমস্যার অবশ্য সমাধান হয়ে যাওয়ার কথা। সেই ম্যাচের পর ভারত বিশ্রাম পেয়েছে তিন-দিন। কাজেই বুধবারের ম্যাচ জিতে ভারতের পাকিস্তানকে বিদায় করে দেওয়ারই কথা। কিন্তু সমস্যা একটাই। বিপক্ষ দলটার নাম পাকিস্তান। আগের সেই দল নেই বটে, কিন্তু এখনও মাঝে-মধ্যে পুরনো চেহারা নিয়ে ঠিকই জ্বলে ওঠে। এই ম্যাচেও সেটা লাগবে, না হলে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যাবে এদিনই। আর নিশ্চিত হয়ে যাবে ভারত-শ্রীলঙ্কা ফাইনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১২৫ঘ.