২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেবাগ-রায়নাদের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত

পাকিস্তানের দেয়া ৩০০ রানের জয়ের লক্ষ্য পাত্তাই পায়নি। বৃহস্পতিবার এশিয়া কাপে বীরেন্দর শেবাগের ঝড়ো সেঞ্চুরি (৯৫ বলে ১২টি চার ও ৫টি ছক্কায় ১১৯) ও সুরেশ রায়নার (৬৯ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৮৪) ফিফটির সুবাদে ৪২ ওভারে ৪ উইকেট হারিয়েই ৩০১ রান করে ফেলেছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 01:12 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

করাচি, ২৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের দেয়া ৩০০ রানের জয়ের লক্ষ্য পাত্তাই পায়নি। বৃহস্পতিবার এশিয়া কাপে বীরেন্দর শেবাগের ঝড়ো সেঞ্চুরি (৯৫ বলে ১২টি চার ও ৫টি ছক্কায় ১১৯) ও সুরেশ রায়নার (৬৯ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৮৪) ফিফটির সুবাদে ৪২ ওভারে ৪ উইকেট হারিয়েই ৩০১ রান করে ফেলেছে ভারত। ফলে এ ম্যাচে দ্রুততম সময়ে তিনশ' রানের জয়ের লক্ষ্য অতিক্রম করেছে তারা। চিরপ্রতিদ্বন্দিদের বিপক্ষে এ জয় তাদের জন্য আরো বেশি তাৎপর্যপূর্ণ, কারণ, এশিয়া কাপে ১৯৮৮'র পর ভারত এই প্রথম পাকিস্তানকে হারালো। শেবাগ আর শোয়েব মালিকের সেঞ্চুরির এ ম্যাচে নায়ক কিন্তু সুরেশ রায়ন। ঝড়ো ৮৪'র আগে ফিল্ডিংয়ের সময় দুটো ক্যাচও নিয়ে বাঁ হাতি এই ব্যাটসম্যানই পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। ৩০০ রানের লক্ষ্যের দিকে ছুটতে যেমনটি দরকার ঠিক তেমন সূচণা পেয়েছিল বলেই ম্যাচটা এত সহজে জিততে পেরেছে ভারত। মিসবাহ্-উল হকের দুর্দান্ত ক্যাচে ইফতিখার আনজুমের শিকার হয়ে গৌতম গম্ভির (৮) ১২ রানে ফিরে যাওয়ার পর অবশ্য ভারতের পরাজয়ের সম্ভাবনা দেখে আনন্দে উদ্বেল হয়েছিল করাচির ন্যাশনাল স্টেডিয়ামের দর্শকরা। কিন্তু বীরেন্দর শেবাগ আর সুরেশ রায়নার আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুধু ম্যাচে ফেরা নয়, সহজ জয়ও নিশ্চিত করে ফেলে ভারত। শেবাগ-রায়নার দ্বিতীয় উইকেট জুটিতে ২৪.৪ ওভারেই ওঠে ১৯৮ রান। তারপর রায়না ইফতিখার আনজুমের দ্বিতীয় শিকার হলেও ওই আঘাত তাই ভারতের সম্ভাবনাকে মৃদু ধাক্কাও দিতে পারেনি। এমনকি ক্যারিয়ারের নবম ওয়ানডে সেঞ্চুরি করা শেবাগ আফ্রিদিকে উইকেট উপহার দেয়ার পরও না। তাতে ২ উইকেটে ২১০ থেকে স্কোর ৩ উইকেটে ২৩১ হলে কী হবে, ম্যাচ শেষ হতে তখনো যে ১৯.২ ওভার বাকি আর রান বাকি মাত্র ৬৯! ৪৭ বলে ৪৮ রান করে যুবরাজ সোহেল তানভিরের বলে সালমান বাটকে ক্যাচ দেয়ার সময় জয় চলে আসে ৬ রানের দূরত্বে। আনজুমকে ছক্কা মেরে সেই দূরত্ব ঘোচান ধোনি (৩০ বলে ২৬)। এর আগে শোয়েব মালিকের (১২৫*) দারুণ এক সেঞ্চুরির সুবাদে ৫০ ওভারে ৪ উইকেটে ২৯৯ রান করে পাকিস্তান। শোয়েব মালিকের ক্যারিয়ারের ষষ্ঠ ও ভারতের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরির পাশাপাশি ইউনিস খানের ফিফটি (৫৯) এবং শেষ দিকে মোহাম্মদ ইউসুফ (২০ বলে ৩০) আর মিসবাহ্-উল হকের (২৬ বলে ৩১*) ছোট দুটো ঝড়ো ইনিংস ৩০০ রানের টার্গেটের সামনে দাঁড় করায় ভারতকে। টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানকে ৯০ রানের বেশ ভালো সূচনা এনে দেন সালমান ও অধিনায়ক শোয়েব মালিক। ভারত ব্রেক থ্রু পায় ২২তম ওভারে, পীযূষ চাওলার কল্যাণে। সালমানকে (৩৫) মিডউইকেটে সুরেশ রায়নার দারুণ এক ক্যাচে পরিণত করেন এই তরুণ লেগস্পিনার। তবে তারপর থেকে মালিক-ইউনিসের দৃঢ়তায় বড় সংগ্রহের দিকে এগোতে থাকে স্বাগতিকরা। অধিনায়ক হওয়ার পর ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি পাওয়া মালিক অবশ্য কিছুটা ভাগ্যবান। সেঞ্চুরির পর চাওলা ও গৌতম গম্ভীরের ব্যর্থতায় দু-দুবার ক্যাচ তুলেও বেঁচে যান। দু বারই দুর্ভাগা বোলারের নাম ইউসুফ পাঠান এবং দুটো ক্যাচই ওঠে ইনিংসের ৩৯তম ওভারে! তবে সেঞ্চুরির আগ পর্যন্ত দুর্দান্ত খেলেছেন পাকিস্তান অধিনায়ক। ১৩টি চার ও ১ টি ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছা অব্দি স্কয়ার কাট, পুল, বোলারস ব্যাক ড্রাইভ ... বলতে গেলে সব শটই খেলেছেন অবলীলায়। উইকেটে থাকতে পারলে হয়তো আরো কিছু শট খেলতেন। সেটা আর সম্ভব হয়নি, দুবার জীবন পাওয়ার পরের ওভারেই 'রিটায়ার্ড হার্ট' হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তারপর মোহাম্মদ ইউসুফ রান আউট হওয়ায় আর আফ্রিদি (৯) আর পি সিংয়ের বলে ধোনিকে ক্যাচ দেয়ায় ২৯৯ রানেই থেমে যেতে হয় পাকিস্তানকে। এ ম্যাচে পাকিস্তান দলে কোনো পরিবর্তন নেই। হংকংকে ১৫৫ রানে হারানো দলটির ওপরেই আস্থা রেখেছেন নির্বাচকরা। তবে ভারতীয় রয়েছে০ দলে দুটি পরিবর্তন। বুধবার হংকংকেই ২৫৬ রানে বিধ্বস্ত করা দল থেকে বাদ পড়েছেন রবিন উথাপ্পা ও মানপ্রিত গোনি। দলে এসেছেন যুবরাজ সিং ও ইশান্ত শর্মা। ভারত : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), গৌতম গম্ভীর, বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা, যুবরাজ সিং, সুরেশ রায়না, ইউসুফ পাঠান, পীযূষ চাওলা, প্রবীন কুমার, আরপি সিং ও ইশান্ত শর্মা। পাকিস্তান : শোয়েব মালিক (অধিনায়ক), সালমান বাট, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ, মিসবাহ-উল হক, শহীদ আফ্রিদি, সরফরাজ আহমেদ, সোহেল তানভির, উমর গুল, ইফতিখার আঞ্জুম ও ফাওয়াদ আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসি/০০২১ ঘ.