করাচি, ২৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ম্যাচ শেষের ছবিটা শুরুর একেবারে বিপরীত। মঙ্গলবার এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচের শুরুতে ক্রিকেটে অখ্যাত হংকং চেপে ধরেছিল পাকিস্তানকে। ম্যাচে তখন 'কী হয়, কী হয়' উৎকন্ঠা। কিন্তু উৎকন্ঠা, অনিশ্চয়তা দূর করার কাজ অর্ধেকটা সেরে দিয়েছিলেন ফাওয়াদ আলম আর সোহেল তানভির। তাদের অষ্টম উইকেট জুটির ১০০ রানের সুবাদে ৫০ ওভারে পাকিস্তান পেয়ে যায় ৯ উইকেটে ২৮৮ রান। হংকংয়ের পরাজয় একরকম নিশ্চিত হয়ে যায় তখনই। সোহেল তানভির (২/২০), ইফতেখার আনজুম (২/১৮) আর শহীদ আফ্রিদি (২/৩১) দুটো করে উইকেট নিয়ে শুধু স্বাগতিকদের জয়টাকে বড় করেছেন। ৩৭.২ ওভারে ১৩৩ রানে অল আআউট হয়ে ১৫৫ রানে হেরে গেছে হংকং।
অথচ ক'দিন আগেই বাংলাদেশ থেকে কিটপ্লাই কাপ জিতে যাওয়া শোয়েব মালিকের দল টস জিতে ব্যাট করতে নেমে খুব বিপদে পড়েছিল। এক পর্যায়ে স্কোর ছিল ৭ উইকেটে ১৬১। ফাওয়াদ-তানভির জুটি সে অবস্থা থেকে টেনে তোলে দলকে। স্বাগতিকদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন বাঁ হাতি অর্থোডক্স বোলার নাদিম আলম (৪/৫১)। কিন্তু ইউনিস খান (৬৭), ফাওয়াদ আলম (৬৩*) আর সোহেল তানভিরের (৫৯) ফিফটির সুবাদে এমন স্কোর পেয়ে যায় পায় পাকিস্তান শেষ পর্যন্ত যার কাছাকাছিও যেতে পারেনি হংকং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২৩৩৯ ঘ.
bdnews24