ঢাকা, ২১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ক্রমাগত বাজে পারফরম্যান্স আত্মবিশ্বাস শুধু তলানিতে নিয়েই ঠেকায় না, সেই সঙ্গে খেলোয়াড়দের উৎসাহ-উদ্দীপনায়ও ভাটার টান দেয়। মাশরাফি বিন মর্তুজা অন্তত তাই মনে করেন। শনিবার দুপুরে এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাওয়ার আগে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক বলে গেছেন, "আমাদের এখন নতুন উদ্দীপনা দরকার।" দুপুর দেড়টায় থাই এয়ারওয়েজে রওনা হওয়া বাংলাদেশ দলের রাত দশটা নাগাদ লাহোরে প্ৗেছানোর কথা। ২৪ জুন সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হওয়ার পরদিন সেখানেই 'বি' গ্র"পের আরেক দল শ্রীলঙ্কার সঙ্গে খেলবে মোহাম্মদ আশরাফুলের দল।
নতুন উদ্দীপনার জন্য খেলার মাঠেই সম্মিলিতভাবে ঝলসে ওঠার কোনো বিকল্প দেখছেন না মাশরাফি। দলের এক নাম্বার স্ট্রাইক বোলারের ভাষায়, "গত কিছুদিন ধরেই বাজে সময়ের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। তাই আত্মবিশ্বাসও খুব ভালো জায়গায় নেই। এ অবস্থায় উদ্দীপনার অভাবও কাটিয়ে উঠতে হলে সবাই মিলে পারফর্ম করতেই হবে। এরকম পারফর্ম করতে পারলে আবার আমাদের মধ্যে জেতার বিশ্বাস চলে আসবে।"
সবাই মিলে পারফর্ম করার দিকে জোর দিচ্ছেন আব্দুর রাজ্জাকও। বেশ কিছুদিন ধরে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থেকে তিনি জানেন, কতবার বাংলাদেশ জয়ের কাছাকাছি গেছে। বড় দলগুলোকে খুব বেশিবার হারানো না গেলেও তাদের বিপক্ষে অন্তত হারার আগে হেরে যায়নি তারা। অথচ এখন বাজে পারফরম্যান্স দলকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে দাঁড়িয়ে বড় দলের বিপক্ষে জেতার কথা উচ্চারণও করে না বাংলাদেশ শিবির। এই অবস্থা থেকে উত্তরণে রাজ্জাকের সমাধানও মাশরাফির মতোই। এই বাঁ হাতি স্পিনার বলে গেছেন, "সবাই মিলে যদি আমরা পারফর্ম করতে পারি, তাহলে দারুণ একটা কিছু হবে। তখন হারানো আত্মবিশ্বাসও ফিরে আসবে। এখন আমাদের এরকম একটা কিছুই দরকার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/ ২১৪৪ ঘ.
bdnews24