২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপেও থাকছেন না শ্রীশান্ত

কিটল্লাই কাপ খেলতে ঢাকায় আসার কথা ছিল তার। যে কারণে ভারতীয় দলের সঙ্গে আসা হয়নি সেই একই কারণে এশিয়া কাপেও খেলা হচ্ছে না শান্তাকুমারন শ্রীশান্তের। সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সেমিফাইনাল থেকে ইনজুরি পিছুই ছাড়ছে না তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 08:45 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ব্যাঙ্গালোর, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- কিটল্লাই কাপ খেলতে ঢাকায় আসার কথা ছিল তার। যে কারণে ভারতীয় দলের সঙ্গে আসা হয়নি সেই একই কারণে এশিয়া কাপেও খেলা হচ্ছে না শান্তাকুমারন শ্রীশান্তের। সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সেমিফাইনাল থেকে ইনজুরি পিছুই ছাড়ছে না তার। তাই আগামী ২৪ জুন থেকে পাকিস্তানে অনুষ্ঠেয় এশিয়া কাপের জন্য শারীরিকভাবে অনুপযুক্ত (আনফিট) ঘোষণা করা হয়েছে তাকে। মঙ্গলবার এ ঘোষণা দেন ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিজিও পল ক্লোজ। হঠাৎ ইনজুরিতে পড়ায় আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সেমিফাইনালে মাত্র এক ওভার বল করতে পেরেছিলেন শ্রীশান্ত। তার দল কিংস ইলেভেন পাঞ্জাব সেই ম্যাচে হেরে যাওয়ায় ওখানেই আইপিএল শেষ হয়ে যায় তার। শেষটা ভালো না হলেও সার্বিকভাবে টুর্নামেন্টে তার পারফরম্যান্স মোটেই খারাপ ছিল না। ১৫ ম্যাচে ১৯ উইকেট নিয়ে টুর্নামেন্টের সফল বোলারদের মাঝে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছিলেন। চ্যাম্পিয়ন রাজস্থান রয়েলসের অধিনায়ক শেন ওয়ার্নও পেয়েছিলেন ১৯ উইকেট। শ্রীশান্ত আর ওয়ার্নের চেয়ে দু' উইকেট বেশি পেয়ে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছিলেন পাকিস্তানের সোহেল তানভীর। মঙ্গলবার ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিজিও পল ক্লোজ জানান, ফিটনেস ফিরে পাওয়ার জন্য কমপক্ষে দুমাস মাঠের বাইরে থাকতে হবে শ্রীশান্তকে। এ সময়টায় বোলিং পুনর্বাসন কার্যক্রমের মধ্যে থাকতে হবে তাকে। পুনর্বাসন কার্যক্রম শুরু হবে ২৩ জুন থেকে। ক্রিকইনফো'র সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৪৪১ ঘ.