ঢাকা, ১৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বেশ কিছুদিন ধরেই নিম্বাসের সঙ্গে ছয় বছরের মিডিয়া বিপণন চুক্তি নিয়ে দরকষাকষি চলছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। আশার কথা চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টা আর বেশিদিন ঝুলে থাকছে না। দীর্ঘ আলোচনার পর দুই পক্ষই এখন উপসংহারে পৌছার অপেক্ষায়। সোমবার বিসিবির অ্যাডহক কমিটির সভাশেষে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত চুক্তি সম্পাদন হয়ে যাবে। আর দরকষাকষির পর চুক্তির যে রূপ দাঁড়াচ্ছে তাতে বিসিবির প্রাপ্তির ভাঁড়ারও সমৃদ্ধ হবে বেশ। মঙ্গলবার তেমন ইঙ্গিতই দিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম।
চুক্তির বেশ কিছু ধারায় বিসিবির চাহিদাই অগ্রাধিকার পাচ্ছে বলে জানিয়েছেন সাজ্জাদুল। দীর্ঘ আলোচনার পর এই প্রাপ্তিগুলোকে বিসিবির জন্য 'উৎসাহব্যঞ্জক' বলেই রায় দিয়েছেন তিনি। নিম্বাসের সঙ্গে প্রাথমিক চুক্তি অনুযায়ী ছয় বছরের ৫৬.৮৮ মিলিয়ন ইউএস ডলার পাওয়ার কথা বিসিবির। কিন্তু এরমধ্যে আবার নিম্বাসের 'উৎপাদন ব্যয়' (প্রোডাকশন কস্ট) হিসেবে সর্বোচ্চ ১৯.৫ মিলিয়ন ডলার কেটে রাখার সুযোগও ছিল। প্রাথমিক চুক্তির এই ধারা নিয়ে দেনদরবার চলছিল। বিসিবি চাইছিল এই ব্যয়টা যতোটা সম্ভব কমিয়ে আনার। শেষপর্যন্ত নিম্বাস এটা ১৫.৫ মিলিয়ন ডলারে কমিয়ে আনতে সম্মত হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ চূড়ান্ত চুক্তিতে বিসিবির সাড়ে চার মিলিয়ন ডলার বাড়তি আয় নিশ্চিত হবে।
প্রাথমিক চুক্তিতে ছয় বছরের মধ্যে বাংলাদেশে হতে যাওয়া আটটি সিরিজকে 'লস প্রজেক্ট' (লোকসানী প্রকল্প) বলে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু এখন ক্ষতির অঙ্কটা আরো কমিয়ে আনার ব্যাপারেও একমত করানো গেছে নিম্বাসকে। সেটা কীভাবে? সাজ্জাদুলের ব্যাখ্যা, "একটা সিরিজে ২৫টি ক্যামেরাও ব্যবহার করা যায়। আবার ১৫টি ক্যামেরা দিয়েও কাজ সেরে ফেলা যায়। যেসব সিরিজে লোকসান হবে বলে ধরে রাখা হয়েছে, সেগুলোতে ক্যামেরার সংখ্যা কমিয়ে দেব। এতে খরচ যেমন বাঁচবে তেমনি লোকসানও কমবে।" চূড়ান্ত চুক্তিতে নিম্বাসের তরফ থেকে 'ব্যাংক গ্যারান্টি'ও দেওয়া হবে। কারণ, "যদি কোনো কারণে অর্থ পরিশোধে গোলমাল হয়, সেক্ষেত্রে নিম্বাসের পক্ষ থেকে টাকাটা আমাদের দেবে ব্যাংক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪০ঘ.
bdnews24