২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয়দের সঙ্গেই গেলেন শোয়েব মালিক, সাত পাকিস্তানি ঢাকা ছাড়বেন সোমবার

মাত্র ১৮ ম্যাচে পাঁচটি সেঞ্চুরি। ভারতের বিপক্ষে সালমান বাটের এই পরিসংখ্যানই বলে দেয় চিরপ্রতিদ্বন্দ্বীদের সামনে পেলে রীতিমতো খাপখোলা তলোয়ার হয়ে ওঠে তার ব্যাট। রোববার সকালে শেরাটন হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশে টিম বাসে ওঠার পথে এই সাফল্যের রহস্য ব্যাখ্যা করে গেলেন শুধু এক কথায়, "ভারতের বিপক্ষে রান করতে আমি ভালোবাসি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 03:54 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, ১৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মাত্র ১৮ ম্যাচে পাঁচটি সেঞ্চুরি। ভারতের বিপক্ষে সালমান বাটের এই পরিসংখ্যানই বলে দেয় চিরপ্রতিদ্বন্দ্বীদের সামনে পেলে রীতিমতো খাপখোলা তলোয়ার হয়ে ওঠে তার ব্যাট। রোববার সকালে শেরাটন হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশে টিম বাসে ওঠার পথে এই সাফল্যের রহস্য ব্যাখ্যা করে গেলেন শুধু এক কথায়, "ভারতের বিপক্ষে রান করতে আমি ভালোবাসি।" কিটপ্লাই ফাইনালে চোটের কারণে অবসর নিতে বাধ্য হওয়ার আগে ১২৯ রানই মূলত তাকে এনে দিয়েছে এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। সুবাদে একটা ব্র্যান্ড নিউ গাড়ীও পেয়েছেন। তবে সেটা না নিয়ে নিয়েছেন সমপরিমাণ অর্থ। রোববার সকালে সালমান বাটসহ পাকিস্তান দলের আটজন ক্রিকেটার ঢাকা ছেড়েছেন। এদের মধ্যে অধিনায়ক শোয়েব মালিক বিমানে সঙ্গী হয়েছেন ভারতীয় ক্রিকেটারদের। বীরেন্দর শেবাগদের সঙ্গে তিনি চেপেছেন দিল্লীর ফ্লাইটে। সেখানে তার কী একটা ব্যক্তিগত কাজ আছে যেন। পুরো ভারতীয় দল অবশ্য সকালেই যায়নি। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, দুই ভাই ইরফান ও ইউসুফ পাঠান এবং রোহিত শর্মারা ঢাকা ছেড়েছেন বিকেলে। ধোনি গেছেন কলকাতায়। জানালেন, "একটা দিন কলকাতায় থাকবো। এরপরই এশিয়া কাপ নিয়ে ভাবতে শুরু করবো।" তবে কিটপ্লাই কাপের ফাইনালে তার করা ভুল নিয়ে ভাবনা এখনো যায়নি বলেই মনে হলো ধোনির কথায়। শেরাটন থেকে টিম বাসে ওঠার পথে আলোকচিত্রীদের হুড়োহুড়ির মধ্যেই ফাইনালে সুরেশ রায়নাকে তার আগে ব্যাট করতে পাঠানো নিয়ে আবারো আক্ষেপ ঝরলো তার কথায়। প্রথমে তারই ইউরোতে রোববারের পর্তুগাল-সুইজারল্যান্ড ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দিতে যাওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টিতে যদি নির্ধারিত দিনে ফাইনাল ভেস্তে গিয়ে রিজার্ভ ডে'তে গড়ায়, এই ভাবনায় 'না' করে দিয়েছিলেন। যে বিয়ার প্রস্তুতকারক সংস্থাটি তাকে আমন্ত্রণ জানিয়েছিল, তারাই তাকে না পেয়ে যোগাযোগ করে যুবরাজ সিংয়ের সঙ্গে। ফাইনাল শেষে রোববার ভোররাতেই তাই সুইজারল্যান্ডের উদ্দেশে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটে চাপতে হয়েছে ভারতীয় দলের সহ-অধিনায়ককে। গোটা দল চলে গেলেও সোহেল তানভীরসহ পাকিস্তান দলের সাতজন এখনো ঢাকাতেই রয়ে গেছেন। সোমবার দুপুরে তাদের ঢাকা ছাড়ার কথা। সকালে হোটেলের লবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সোহেল বললেন, "ফাইনালে সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে ছিল। ম্যাচের সময় আমার কখনোই মনে হয়নি যে আমরা হারতে পারি।" ফাইনালে ধোনির তরুণ দলের মাঝে অভিজ্ঞতার অভাবটা ফুটে উঠেছে বলে মানতে চাইলেন না ভারতীয় দলের কোচ গ্যারি কারস্টেন। বললেন, "অভিজ্ঞতার অভাব আছে বলে আমার একদমই মনে হয়নি। বরং ছেলেরা যেভাবে লড়াই করেছে তাতে আমার অভিনন্দন ওদের প্রাপ্য। নিজেদের আরেকটু মেলে ধরলে ফল অন্যরকমও হতে পারতো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/২১৩৩ ঘ.