বার্বাবোজ, ১৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম দিনের ৭ উইকেটে ২২৬ রান নিয়ে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ২৫১ রানে অলআউট। মনে হচ্ছিল ব্রিজটাউন টেস্ট জিতে সিরিজ ১ - ১ রাখার পথে পা বাড়াতে পারবে ওয়েস্টইন্ডিজ। কিন্তু প্রায় পুরো সিরিজের মতো এবারও শিবনারাইন চন্দরপল ছাড়া বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ওয়েস্টইন্ডিজ তাদের প্রথম ইনিংস ২১৬ রানে শেষ করায় সে আশা অনেকটাই ক্ষীণ। অবশ্য চন্দরপলের অপরাজিত ৭৯ রানের ইনিংসের পাশে আর কোনো উইন্ডিজ ব্যাটসম্যান যে বলার মতো অবদান রাখতে পারেননি তার পেছনে মিশেল জনসনের কৃতিত্বের কথাও উল্লেখ না করলেই নয়। বাঁ হাতি এই ফাস্ট বোলার টেস্ট ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা বোলিং (৪/৪১) করেই শেষ করে দেন ক্রিস গেইলের দলকে। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩৫ রান করায় এ পর্যন্ত ৭০ রানের লিড পেয়ে গেছে অস্ট্রেলিয়া।
ক্রিকইনফো'র সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৪৪০ ঘ.
bdnews24