২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লসনই বুঝিয়ে দিলেন কতটা চাপে পাকিস্তান

ইনডোরে তখন ব্যাটিং প্র্যাকটিস করছিলেন তামিম ইকবালসহ আরো কয়েকজন। সেদিকেই যাচ্ছিলেন বাংলাদেশ দলের কোচ জেমি সিডন্স। যাওয়ার পথে বাংলাদেশী সাংবাদিকদের সামনে পেয়ে তিনিও কৌতুহল দমিয়ে রাখতে পারলেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2008, 10:07 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, ১৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ইনডোরে তখন ব্যাটিং প্র্যাকটিস করছিলেন তামিম ইকবালসহ আরো কয়েকজন। সেদিকেই যাচ্ছিলেন বাংলাদেশ দলের কোচ জেমি সিডন্স। যাওয়ার পথে বাংলাদেশী সাংবাদিকদের সামনে পেয়ে তিনিও কৌতুহল দমিয়ে রাখতে পারলেন না। ঔৎসুক্য নিয়ে জিজ্ঞেস করে বসলেন, "পাকিস্তানের কোচ নাকি সংবাদ সম্মেলনে মেজাজ হারিয়ে ফেলেছিলেন?" কিটপ্লাই কাপের ভারত-পাকিস্তান ফাইনাল নয়, বাকপটু তবে ভদ্রলোক বলে পরিচিত জিওফ লসনের মেজাজ হারানোই বরং শুক্রবার দুুপুরে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছিল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। শুক্রবার মেজাজ হারিয়েই এই অস্ট্রেলিয়ান কোচ বুঝিয়ে দিয়েছেন তার দল আসলে কতটা চাপে আছে। মঙ্গলবার কিটপ্লাই কাপে ভারতের কাছে ১৪০ রানে হারে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বির কাছে সবচেয়ে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর সভাপতি নাসিম আশরাফ ম্যানেজার তালাত আলীকে একটা ই-মেইল পাঠান। দলকে ভর্ৎসনা করে লেখা চিঠিটা পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক 'দ্য ডন' ছেপে দেওয়ার পরই জানাজানি হয়ে যায় সব। ওই চিঠি আসলে ফাইনালের আগে তাদের চাপ কতোটা বাড়াচ্ছে -- এই প্রশ্নেই চটে যাওয়ার শুরু বব উলমারের উত্তরসূরীর। নাসিম আশরাফের চিঠিকে তিনি বোর্ডের ভাষ্য হিসেবে মেনে নিতে একদমই নারাজ। ওটাকে বোর্ড সভাপতির নিজস্ব মতামত বলে উঁড়িয়ে দিয়ে লসন বলেছেন, "পিসিবির পক্ষ থেকে তো দলকে কিছু বলা হয়নি। ওই চিঠিকে বোর্ড সভাপতির ব্যক্তিগত মতামত বলেই মনে হয় আমার।" এরপর বেশিরভাগ প্রশ্নকেই হয়তো নেতিবাচক বলে মনে হয়েছে লসনের। এ কারণে ক্রমেই উত্তপ্ত হয়েছেন এবং উত্তরও দিয়েছেন বেশ চাঁছাছোলা ভাষায়। একাধিকবার প্রশ্নকর্তাকে থামিয়েও দিয়েছেন এই বলে, "নিজে কোনো মন্তব্য করবেন না। কোনো প্রশ্ন থাকলে করুন।" পাকিস্তান দল নিয়ে কোনো অভিযোগই ভালোভাবে গ্রহণ করেননি তিনি। "পাকিস্তান দলকে দেখে মনে হয়েছে তারা যথেষ্ট অনুপ্রাণিত নয়"; "খেলোয়াড়দের শারীরিক ভাষা ঠিক ছিল না"- সাংবাদিকরা নাসিম আশরাফের চিঠিতে উল্লেখ করা এসব প্রসঙ্গ তুলে ক্ষুদ্ধ লসনকেই চিনেছেন, "দল এক সুতোয় বাঁধা নয়, এটা তো আপনাদের মতামত। প্রকৃত অবস্থা মোটেই এরকম নয়।" ভারত ম্যাচে উইকেটকিপার কামরান আকমল মাটি থেকে বীরেন্দর শেবাগের ক্যাচ নিয়েছিলেন। পরে থার্ড আম্পায়ারের সৌজন্যে ওই ক্যাচ বাতিল হয়। পিসিবি সভাপতিও আকমলের ওই 'কুকীর্তি'র তীব্র সমালোচনা করেছিলেন ম্যানেজারকে লেখা চিঠিতে। ওটাকে "অখেলোয়াড়সুলভ আচরণ" আখ্যা দিয়ে বলেছিলেন, "আমাদের আসলে অন্য একজন উইকেটকিপারের খোঁজ করা উচিত।" এই কথার সূত্র ধরে লসনকে জিজ্ঞেস করা হয়েছিল শনিবারের ফাইনালে আকমলকে 'ড্রপ' করা হবে কিনা। লসন যে জবাব দিয়েছেন তা শুনে শুক্রবার দুপুরে বিসিবির আমন্ত্রিত অতিথি হিসেবে ঢাকায় আসা নাসিম আশরাফও (ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব নিরঞ্জন শাহও এসেছেন) চটে যেতে পারেন। সবাই যেটাকে ক্যাচ নয় বলে জেনেছেন, লসনের কাছে সেটাই পাচ্ছে বৈধ ক্যাচের মর্যাদা, "আমি মনে করি ক্যাচটা ঠিকই ছিল। এমনকি আম্পায়ারদেরও তাই মনে হয়েছিল।" "শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফের শূন্যতা অনুভব করেছেন কিনা?" কিংবা "নেতৃত্ব থেকে শোয়েব মালিককে ব্রেক দেওয়া উচিত কিনা?" - এসব প্রশ্নে চড়া গলায় 'নো' বলে তার রাগের বহিপ্রকাশ ঘটানো লসনের এই সংবাদ সম্মেলনের প্রভাব পরে ভুগিয়েছে সাংবাদিকদেরও। ভারত-পাকিস্তান ফাইনালের আগে অধিনায়ক কথা বলবেন না তা কী করে হয়! সাংবাদিকদের দাবির মুখে শোয়েব মালিক আসতে রাজী হয়েছিলেন। কিন্তু লসন সংবাদ সম্মেলন শেষ করে যাওয়ার অনেকক্ষণ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এসে জানালেন, "লসন বলেছেন, শোয়েব সংবাদ সম্মেলনে আসবেন না। কারণ, তিনি ফাইনালে মনোনিবেশ করতে চান।" লসনের মতোই প্রশ্নের ঝড়ের মুখে পড়তে হলে তো মনোযোগে ব্যাঘাত ঘটতেই পারত! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/এসি/ ১৯৪৯ ঘ.