ঢাকা, ১০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আইপিএলের পর প্রথম ওয়ানডে টুর্নামেন্ট, কাজেই কিটপ্লাই কাপে বিশেষ করে ভারতের ব্যাটিংয়ে ধূমধাড়াক্কা ক্রিকেটের পার্শ্বপ্রতিক্রিয়া দেখার আশাটা বাড়াবাড়ি কিছু ছিল না। আর সেই আশার পালে হাওয়া দিয়েই রেখেছিলেন সুরেশ রায়না। ত্রিদেশীয় এই সিরিজ খেলতে ঢাকায় নেমেই এই বাঁ হাতি ব্যাটসম্যান বলেছিলেন, আইপিএলের অভিজ্ঞতা ওয়ানডেতে তাদের ব্যাটিং আরো রোমাঞ্চকর করে তুলবে। তাদের দলেই তো আইপিএল মাতিয়ে আসা তারকার ছড়াছড়ি বেশি। মঙ্গলবার ঢাকায় ভারত-পাকিস্তান সপ্তম লড়াইয়ে সেই রোমাঞ্চই ছড়িয়ে দিয়েছিলেন আইপিএলের দুই অন্যতম সেরা ব্যাটসম্যান গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগ।
আইপিএলে তারা দুজনই খেলেছেন দিল্লী ডেয়ারডেভিলসের হয়ে। সেখানে অধিনায়ক শেবাগের সঙ্গে নিয়মিত ইনিংস ওপেনও করেছেন গম্ভীর। এবং দুজনই আছেন আইপিএলের ব্যাটিংয়ের সেরাদের তালিকায়। শেবাগ করেছেন ৪০৬ রান আর গম্ভীর তো আরেকটু হলে সর্বোচ্চ রান সংগ্রাহকই হয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত তা হতে না পারলেও ৫৩৪ রান করে শীর্ষ ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার শন মার্শের ঠিক পেছনেই ছিলেন এই বাঁ হাতি ওপেনার।
ভারতীয় দলের হয়ে এর আগেও তারা দুজন ইনিংস ওপেন করেছেন। তবে তেমন কোনো বড় পার্টনারশিপ তাদের কল্যাণে পায়নি ভারত। কিন্তু আইপিএল এখন থেকে এসব পরিসংখ্যান পাল্টে দেবে বলেই মনে হচ্ছে। কেননা মঙ্গলবারই প্রথম এই দুজনের কাছ থেকে সেঞ্চুরি পার্টনারশিপ পেল ভারতীয় দল। এর আগে দেশের হয়ে তারা ১৫টি ম্যাচে ওপেন করে মোট ৬১৭ রান করেছিলেন। এর মধ্যে সর্বোচ্চ ৬৯ রানের উদ্বোধনী সূচনা এসেছিল বাংলাদেশের বিপক্ষে। সেটাও এসেছিল পাঁচ বছর আগে, ২০০৩ সালের টিভিএস কাপে।
অথচ আইপিএলের পর প্রথম ওয়ানডে খেলতে নেমেই তারা দলকে উপহার দিলেন ১৫৫ রানের ঝড়ো এক শুভসূচনা। ২১.৩ ওভারে এই পার্টনারশিপ গড়ে ওঠার পথে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের দর্শকরা তাদের কাছ থেকে আইপিএল-সুলভ ব্যাটিংই দেখেছেন। মাত্র ১৩.৫ ওভারেই দলকে একশ রানে পৌঁছে দেওয়ার পর এই জুটি দেড়শ' ছাড়িয়েছে ২১.১ ওভারে। ৬ বাউন্ডারিতে ৬২ বলে ৬২ রান করে গম্ভীরের আউট হওয়ার মধ্য দিয়ে ভাঙ্গে এই জুটি। যদিও তিনি ফিরে যেতে পারতেন অনেক আগেই, ৪ ও ২৯ রানে তার দুটো ক্যাচ ফেলেছেন ইউনিস খান। অল্পের জন্য নিজের নবম ওয়ানডে সেঞ্চুরিটি মিস করা শেবাগ-ঝড়ই এদিন বেশি দেখেছে মিরপুর স্টেডিয়াম। ১৩ বাউন্ডারি ও এক ছক্কায় তার ৮৯ রানের ইনিংসটি খেলা মাত্র ৭৬ বলে।
গম্ভীর-শেবাগের ব্যাটিংয়ে একটা সময় এমনকি ভারতের চারশ' রানে পৌঁছানোও সম্ভব মনে হচ্ছিল। ২৯.৪ ওভারে দু'শ পার করে ফেলার সময়ও সেই সম্ভাবনাকে যথেষ্ট উজ্জ্বল বলেই মনে হচ্ছিল। কারণ, তখন যে উইকেটে ছিলেন যুবরাজ সিং! আইপিএলের প্রদর্শনী দেখা যাচ্ছিল তার ব্যাটেও। ৫৪ বলে তিনটি করে ছক্কা ও চারে ৫৫ রানের ইনিংসটি তো সে কথাই বলে। ইউসুফ পাঠানের ব্যাটও আইপিএলের মতো করে কথা বললেই এই ম্যাচে ভারতের রান ৩৩০ না হয়ে হয় আরো অনেক বেশি। পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটিও গড়া হয়ে যায় (সর্বোচ্চ ৩৫৬ রান, ২০০৫ সালে বিশাখাপত্তমে)। কিন্তু আইপিএলের কারণেই তারকাখ্যাতি নিয়ে ভারতীয় দলে ঢুকে যাওয়া ইরফান পাঠানের অগ্রজ অবশ্য তার অভিষেক ওয়ানডেতে হতাশই করেছেন।
১৩ বল খেলে করেছেন মাত্র ৪ রান, যা তার আইপিএলের ব্যাটিংয়ের সঙ্গে তো বটেই এমনকি এই ম্যাচে তার দলের অন্যদের ব্যাটিংয়ের সঙ্গেও একদমই বেমানান। যিনি আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রাজস্থান রয়েলসের হয়ে ম্যাচ উইনিং ইনিংস খেলে ম্যান অফ দি ফাইনাল হন এবং পুরো টুর্নামেন্টে ২৫টি বিশাল বিশাল ট্রেডমার্ক ছক্কার জন্য বিখ্যাত হয়ে যান, তার কাছ থেকে নিশ্চয়ই এমন ব্যাটিং কেউ প্রত্যাশা করে না।
তবে ইউসুফ পাঠানের খেলতে নামার সঙ্গে সঙ্গেই বহুদিন পর ওয়ানডেতে ভারতের হয়ে দুই ভাইয়ের খেলার ঘটনা ঘটে গেল। সর্বশেষ এই ঘটনা ঘটেছিল ১৯৭৮-৭৯ সালে বিষেণ সিং বেদির নেতৃত্বে ভারতীয় দলের পাকিস্তান সফরে। সেবার মহিন্দর অমরনাথ ও সুরিন্দর অমরনাথ, এই দুই ভাই একসঙ্গে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন। ৩০ বছর পর আবার দুই ভাইয়ের একই ম্যাচে খেলার ঘটনা দেখলো ভারতীয় ক্রিকেট। এই দুই ভাই এদিন অন্যরকম এক ঘটনারও সাক্ষী হয়ে গেলেন। ২৪-তম ওভারে ইউসুফ পাঠানকে 'বিমার' (কোমরের বেশি উচ্চতা দিয়ে যাওয়া ফুলটস বল) দিয়ে সতর্কবার্তা শুনিয়েছিলেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। আন্তর্জাতিক ম্যাচের নিয়মানুযায়ী একই কাজ দ্বিতীয়বার করলে বোলারকে আর বল করতে দেওয়া হয় না। ৪৬-তম ওভারে যাকে দ্বিতীয় 'বিমার' দিয়ে এই ম্যাচের বোলিং থেকে নিষিদ্ধ হলেন রিয়াজ, তিনি আর কেউ নন ইউসুফেরই ছোটভাই ইরফান পাঠান!
ইউসুফের ঝলক না দেখা গেলেও ঢাকায় পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ইনিংস গড়া হয়ে গেছে ভারতের। ১৯৯৮ সালের ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনালে পাকদের ৩১৪ রান তাড়া করে জেতাটাই এতদিন সর্বোচ্চ হয়ে ছিল। এদিন আগে ব্যাট করে তা টপকে যাওয়া ভারত মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামকেও প্রথমবারের মতো দেখালো তিনশ' পেরুনো ইনিংস। এর আগে সর্বোচ্চ ২৯৩ রান কারা করেছিল জানেন? গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/এসি/২২০৭ ঘ.
bdnews24