২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বড় জয় দিয়ে শুরু করলো ভারত

ত্রিদেশীয় কিটপ্লাই কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে দাঁড়াতেই দেয়নি ভারত। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনরাতের ম্যাচে ১৪০ রানে জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল। টস জিতে শেবাগ-গম্ভীরের ১৫৫ রানের উদ্বোধনী জুটির ভিতের ওপর ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩০ রানের স্কোর দাঁড় করিয়েছিল ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 09:04 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, ১০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিদেশীয় কিটপ্লাই কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে দাঁড়াতেই দেয়নি ভারত। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনরাতের ম্যাচে ১৪০ রানে জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল। টস জিতে শেবাগ-গম্ভীরের ১৫৫ রানের উদ্বোধনী জুটির ভিতের ওপর ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩০ রানের স্কোর দাঁড় করিয়েছিল ভারত। জবাবে অধিনায়ক শোয়েব মালিক (৫৩) ছাড়া আর কোনো ব্যাটসম্যান ভালো না করায় ৩৫.৪ ওভারে মাত্র ১৯০ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। চারটি করে উইকেট পেয়েছেন প্রভীন কুমার (৪/৫৩) আর পিযূষ চাওলা (৪/৪০)। এর চেয়ে ভালো শুরু খোদ ভারত অধিনায়ক মহেন্দর সিং ধোনিও আশা করেছিলেন কিনা সন্দেহ। টস জিতে ব্যাট করতে নেমে বীরেন্দর শেবাগ আর গৌতম গম্ভীরের চমৎকার ব্যাটিংয়ের সুবাদে দারুণ একটা সূচনা পেয়েছিল তার দল। তবে সব ভালো তার, শেষ ভালো যার। শেবাগ (৮৯) আর গম্ভীরের (৬২) পর যুবরাজ সিংও ফিফটি (৫৫) করায় আর শেষ দিকে ধোনি (২৪), সুরেশ রায়না (২৬) আর ইরফান পাঠান (১৮) ছোটখাটো অবদান রাখায় বড় স্কোর পেয়ে যায় ভারত। তবে ৩৩১ রানের জয়ের লক্ষ্যের দিকে পাকিস্তানের যাত্রাটা যেমন হওয়া উচিত তা হতে দেননি প্রভীন কুমার। ডান হাতি এই পেসার ইনিংসের তৃতীয় ওভারে পরপর দু বলে সালমান বাট (৯) আর ইউনিস খান (০) এবং পঞ্চম ওভারে মোহাম্মদ ইউসুফকেও (১১) ফিরিয়ে দেয়ায় ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। ৪৭ বলে ৫৫ রানের জুটি গড়ে বিপদ সামাল দেয়ার আশা জাগিয়েছিলেন কামরান আকমল (৩৮) আর মিসবাহ্-উল হক (২৪)। আকমলকে ইউসুফ পাঠানের ক্যাচ বানিয়ে সেই জুটিটাও ভেঙ্গে ম্যাচে চতুর্থ উইকেট পেয়ে যান প্রভীন। ম্যাচের বাকি অংশে বলার মতো ঘটনা দুটো। এক, শোয়েব মালিক আর আফ্রিদির (২৩) পরাজয়ের ব্যবধান কমানোর ব্যর্থ প্রয়াস। দুই, পিযূষ চাওলার ওয়ানডেতে ক্যারিয়ারের সেরা বোলিং। পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ভারতেরও এটা সেরা দিন। মঙ্গলবার রানের হিসেবে চিরপ্রতিদ্বন্দিদের বিপক্ষে সবচেয়ে বড় জয় পেয়েছে তারা। এতদিন ২০০৫ সালে কোচিতে পাওয়া জয়টিই ছিল তাদের সবচেয়ে বড় ব্যবধানের জয়। এ ম্যাচের পর থেকে কোচির ৮৭ রানের সেই জয় এখন দ্বিতীয়সেরা। দু জনই দিল্লীর হওয়ায় বীরেন্দর শেবাগ আর গৌতম গম্ভীরের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো। সেই বোঝাপড়ার সুফল হিসেবে উদ্বোধনী জুটিতে ২১.৩ ওভারে ১৫৫ রান পেয়ে যায় ভারত। সেঞ্চুরি থেকে মাত্র ১১ রান দূরে থাকতে বাঁ হাতি পেসার ওয়াহাব রিয়াজের বলে কট বিহাইন্ড হয়ে যান শেবাগ। তার ৭৬ বলে ৮৯ রানের আক্রমণাত্মক ইনিংসটা সাজানো ছিল ১৩টি বাউন্ডারি ও ওয়াহাবকে লং অনের ওপর দিয়ে মারা এক বিশাল ছক্কায়। ৬২ বলে ৬২ রান করা গম্ভীরও রিয়াজের বলেই ক্যাচ দেন উইকেটের পেছনে। এরপর ওয়ানডে অভিষিক্ত ইউসুফ পাঠান (৩) আফ্রিদিকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ইফতিখার আঞ্জুমের ক্যাচ এবং রোহিত শর্মা (৯) সেই আফ্রিদির বলেই বোল্ড। উদ্বোধনী জুটির ১৫৫ বাদ দিলে ভারতের স্কোরটা কত হতো এ প্রশ্ন উঠতেই পারে, কেননা, পরের তিন জুটিতে আসে মাত্র ১৯, ২৫ ও ৩২ রান। যুবরাজ সিং ৪৯ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ফিফটিতে না পৌঁছালে (৫৪ বলে ৫৫) তা-ও হতো কিনা সন্দেহ। ধোনির সঙ্গে ৩৮ রানের ৫ম উইকেট জুটিতেও অবদান ছিল যুবরাজের। অবশ্য ভারত দ্বিতীয় বৃহত্তম জুটিটা পায় যুবরাজ উমর গুলের বলে বোল্ড হওয়ার পর। ইরফান পাঠানকে মিসবাহ্-উল হকের ক্যাচ বানিয়ে ৫১ রানের সেই সপ্তম উইকেট জুটিটা ভাঙ্গেন উমর গুল। কী হলে কী হতো -- হিসেবে গেলে অবশ্য ভারতীয় ওপেনারদের কৃতিত্বও কিছুটা খাটো হয়ে যায়। আসলে তো এ ম্যাচে ভারতের দুই ওপেনারেরই ভাগ্য ছিল সুপ্রসন্ন। ৪ ও ২৯ রানে দু বার ক্যাচ দিয়েছিলেন গম্ভীর। কিন্তু দুটো ক্যাচই ফেলে দেন ইউনিস খান। প্রথম বারের দুর্ভাগা বোলার উমর গুল, পরের বার ওয়াহাব। আর আঞ্জুমের বলে ৪৩ রানের সময় উইকেটের পেছনে ক্যাচ দিয়েও বেঁচে যান শেবাগ। বল গ্লাভসে নিয়েও ফেলে দিয়ে আবার মাটি থেকে তুলে নেন পাকিস্তানের উইকেট কিপার কামরান আকমল। ভারতীয় ব্যাটসম্যানদের দাপটের মাঝে পাকিস্তানের সবচেয়ে সফল বোলার উমর গুল। ৬১ রানে ৩ উইকেট পেয়েছেন তিনি। দুটি করে উইকেট পেয়েছেন শহীদ আফ্রিদি (২/৫২) ও ওয়াহাব রিয়াজ (২/৮৬)। এ ম্যাচের স্মৃতি পাকিস্তান যত তাড়াতাড়ি ভুলবে ততই ভালো। কারণ, ওয়ানডেতে টানা ১২টি জয়ের পর এমন একটা পরাজয়ের স্বাদ নিলো শোয়েব মালিকের দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১১১৬ ঘ.