ঢাকা, ৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানকে ২৩৩ রানে অলআউট করার আনন্দ বাংলাদেশ ব্যাট করতে নামার পরই শেষ। আরো এক বার ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয়ের আশাও জাগাতে পারেনি বাংলাদেশ। রোববার ত্রিদেশীয় কিটপ্লাই কাপের উদ্বোধনী ম্যাচে পুরো ৪০ ওভার খেললেও ৮ উইকেটে ১৬৩ রানের বেশি করতে না পারায় পাকিস্তানের কাছে ৭০ রানে হার মেনেছে মোহাম্মদ আশরাফুলের দল।
ওভার প্রতি প্রায় ৬ রানের পিছু ধাওয়া করতে নামা বাংলাদেশের সবচেয়ে বড় সর্বনাশ করেছেন শহীদ আফ্রিদি ও ওয়াহাব রিয়াজ। ব্যাট হাতে কিছু করতে না পারলেও তামিম ইকবাল (২৯), অলক কাপালি (০) ও মুশফিকুর রহিমকে (১৫) ফিরিয়ে দিয়েছেন আফ্রিদি। ৪টি বাউন্ডারি মেরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামকে উত্তাল করে তোলা তামিম ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। অলক বোল্ড আর মুশফিকুর ক্যাচ দিয়েছেন সোহেল তানভীরকে।
পাকিস্তান অবশ্য ব্রেক থ্রু পেয়েছে ওয়াহাবের মাধ্যমে। ২৩ বলে মাত্র ৯ রান করা শাহরিয়ার নাফীসকে কট বিহাইন্ড করেছেন এই বাঁহাতি পেসার। ৮ রান করা রকিবুল হাসানের উইকেটটাও তারই। তৃতীয় স্লিপে দারুণ এক ক্যাচ নিয়েছেন ইউনিস খান। আর ৩০তম ওভারে জোড়া আঘাত করে পাকিস্তানকে উল্লাসে ভাসিয়ে দিয়েছেন উমর গুল। সেই ওভারের তৃতীয় বলে দুর্দান্ত এক ইয়র্কারে মাহমুদুল্লাহকে (৭) বোল্ড করার পর শেষ বলে মাশরাফিকে (০) উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন তিনি। পরের ওভারেই ডলার মাহমুদকে (০) বোল্ড করে বাংলাদেশকে ৮ উইকেটে ১২১ রানে পরিণত করেন ওয়াহাব।
ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিলে একমাত্র ব্যতিক্রম ছিলেন আশরাফুল। তবে আব্দুর রাজ্জাককে নিয়ে অবিচ্ছিন্ন ৪২ রানের জুটি গড়লেও পরাজয়ের ব্যবধানই শুধু কমাতে পেরেছেন বাংলাদেশ অধিনায়ক। শেষ পর্যন্ত আশরাফুল অপরাজিত ছিলেন ৫৬ রানে। ৯৩ বলের ইনিংসে বাউন্ডারি ছিল মাত্র তিনটি। ৪ রানের সময় উমর গুলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া রাজ্জাকও আউট হননি। তার ২৫ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসেও বাউন্ডারির সংখ্যা তিনটি। আফ্রিদি ও ওয়াহাব দু জনেরই শিকার ৩টি করে উইকেট। ২ উইকেট নিয়েছেন গুল।
অথচ ম্যাচের শুরুটা ছিল বাংলাদেশের। আকাশ মেঘলা, কন্ডিশনও পেসারদের অনুকূলে। টস জিতে তাই প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানাতে দ্বিধা করেননি আশরাফুল। তবে বাংলাদেশ অধিনায়কের প্রত্যাশা পূরণ করতে পারেননি তার পেসাররা। পাকিস্তানের দুই ওপেনার সালমান বাট ও কামরান আকমল শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ১২ ওভারে ৭৫ রান এনে দেন দলকে। দ্বাদশ ওভারের শেষ বলে আকমলকে কট বিহাইন্ড করে দলকে ব্রেক থ্রু এনে দেন অভিষিক্ত ডলার মাহমুদ। আকমলের ২৭ বলে ২৫ রানের ইনিংসে দুটি বাউন্ডারি ছাড়াও ছিল রাজ্জাকের করা দ্বিতীয় বলে লং অফের ওপর দিয়ে মারা এক বিশাল ছক্কা।
পরের ওভারের প্রথম বলেই দ্বিতীয় উইকেটের পতন! রাজ্জাকের বলটা মিড উইকেটে ঠেলে অসম্ভব একটা রান নিতে চেয়েছিলেন সালমান। কিন্তু একটু এগিয়েই ফিরে আসেন তিনি। ততক্ষণে অনেকটা এগিয়ে যাওয়া ইউনিস খানও ফিরতে চেয়েছিলেন নন-স্ট্রাইক প্রান্তে। তবে তার আগেই রকিবুল হাসানের দুর্দান্ত থ্রোটা ধরে উইকেট ভেঙ্গে দেন রাজ্জাক, আর কোনো বল না খেলেই রান আউট হয়ে যান ইউনিস।
৭৫ রানে ২ উইকেট হারানোর পর মোহাম্মদ ইউসুফকে নিয়ে ৬৫ রানের জুটি গড়েছেন সালমান। বাংলাদেশের জন্য আতঙ্ক জাগানো জুটিটা ভেঙ্গেছে অলক কাপালির লেগস্পিনে। ছক্কা মারতে গিয়ে লং অনে রকিবুলের হাতে ধরা পড়েছেন সালমান। তার ৮৪ বলে ৭০ রানের ইনিংসটা ১০টা বাউন্ডারিতে সাজানো। এই ইনিংস খেলার পথে বাংলাদেশের বিপক্ষে ৫০০ রানের মাইলফলকও পেরিয়েছেন সালমান। বাংলাদেশের সঙ্গে ৬ ম্যাচে তার সংগ্রহ ৫২১ রান, গড় ৮৬.৮৩!
সালমানের বিদায়ের সময় পাকিস্তানের স্কোর ছিল ৩ উইকেটে ১৪০ রান। স্কোরটা ১৭৯ রানে পৌঁছানোর পর অলকের জোড়া আঘাত উজ্জীবিত করে তোলে বাংলাদেশ দলকে। খারাপ সময়ের ভেতর দিয়ে যাওয়া আফ্রিদি আবারো ব্যর্থ। ২০ রান করে অলকের বলে শাহরিয়ার নাফীসের ক্যাচে পরিণত হন ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিয়ান। সেই ওভারের শেষ বলে ইউসুফও ক্যাচ তুলে দেন রাজ্জাকের হাতে। ওয়ানডেতে ৬২তম ফিফটি করা ইউসুফের ৫৬ বলে ৫৯ রানের ইনিংসে বাউন্ডারি ছিল ৭টি।
১৮০ রানে পঞ্চম উইকেট হারিয়ে বেশ চাপের মধ্যে পড়েছিল পাকিস্তান। তবে শোয়েব মালিকের সঙ্গে মাত্র ৬.১ ওভারে ৪৭ রানের জুটি গড়ে পাকিস্তান শিবিরে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসেন মিসবাহ-উল হক। মালিক অবশ্য বেশি কিছু করতে পারেননি, ৯ রান করে বোল্ড হয়ে গেছেন রাজ্জাকের বলে। কিন্তু মিসবাহ খেলেছেন আক্রমণাত্মক এক ইনিংস। মাত্র ২২ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসটা সাজানো ছিল দুটি ছক্কা ও তিনটি বাউন্ডারিতে। শেষ পর্যন্ত মিসবাহকে এলবিডব্লূর ফাঁদে ফেলে 'ঝড়'টা থামিয়েছেন মাশরাফি। সেই ওভারেই তুলে মারতে গিয়ে ফাওয়াদ আলমও (২) ধরা পড়েন তামিম ইকবালের হাতে।
পাকিস্তান ইনিংসের ৩৯তম ওভারে মাশরাফি ফিরিয়েছেন মিসবাহ ও ফাওয়াদকে। আর শেষ ওভারে পর পর দুই বলে সোহেল তানভির (২) ও ওয়াহাব রিয়াজের (০) উইকেট দুটো তুলে নিয়ে পাকিস্তানকে অলআউট করে দেন রাজ্জাক। ৩৫ রানে ৩ উইকেট নিয়ে তিনিই বাংলাদেশের সেরা বোলার। অলকের শিকার ৩ উইকেট, তবে সেজন্য ৪৯ রান খরচ করতে হয়েছে তাকে। ৩৬ রানে মাশরাফি নিয়েছেন ২ উইকেট।
এর আগে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচটা নেমে এসেছে ৪০ ওভারে। আগের দিন ঘোষিত ১২ জনের বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন ফরহাদ রেজা। তাই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে পেসার ডলার মাহমুদের।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ৩৯.৩ ওভারে ২৩৩ (সালমান ৭০, আকমল ২৫, ইউনিস ০, ইউসুফ ৫৯, আফ্রিদি ২০, মালিক ৯, মিসবাহ ৩৯ , ফাওয়াদ ২, তানভির ২, গুল ০*, ওয়াহাব ০, অতিরিক্ত ৭; মাশরাফি ২/৩৬, শাহাদাত ০/৪৬ , ডলার ১/২৭, রাজ্জাক ৩/৩৫, মাহমুদুল্লাহ ০/৩৯, অলক ৩/৪৯)
বাংলাদেশ : ৪০ ওভারে ১৬৩/৮ (তামিম ২৯, শাহরিয়ার ৯, আশরাফুল ৫৬*, রকিবুল ৮, অলক ০, মুশফিকুর ১৫, মাহমুদুল্লাহ ৭, মাশরাফি ০, ডলার ০, রাজ্জাক ২৬* , অতিরিক্ত ১৩ ; গুল ২/২৮, তানভির ০/৪১ , ওয়াহাব ৩/২২, আফ্রিদি ৩/১৯, ফাওয়াদ ০/৩৪, সালমান ০/১৯, ইউনিস ০/০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২৩৩৫ঘ.
bdnews24