২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশার কথা বলতে পারছেন না আশরাফুল

আইপিএল শেষ হয়ে গেলেও রয়ে গেছে তার আমেজ। শনিবার দুপুরে বাংলাদেশের সংবাদ সম্মেলনে এসে সেটারই জানান দিলেন ভারতীয় সাংবাদিকরা। আইপিএলে সুযোগ পেলে কী লাভ হত কিংবা না খেলায় কোনো আক্ষেপ আছে কিনা, ইত্যাকার নানা প্রশ্ন মোহাম্মদ আশরাফুলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2008, 02:54 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, ৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আইপিএল শেষ হয়ে গেলেও রয়ে গেছে তার আমেজ। শনিবার দুপুরে বাংলাদেশের সংবাদ সম্মেলনে এসে সেটারই জানান দিলেন ভারতীয় সাংবাদিকরা। আইপিএলে সুযোগ পেলে কী লাভ হত কিংবা না খেলায় কোনো আক্ষেপ আছে কিনা, ইত্যাকার নানা প্রশ্ন মোহাম্মদ আশরাফুলকে। বাংলাদেশ অধিনায়ক নিজেকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে বললেন, "আসলে গত মৌসুমে আমি একদমই পারফরম করতে পারিনি। করতে পারলে হয়তো আমি আইপিএলে থাকতাম।" গত এক বছরে যেখানে গোটা দলের পারফরম্যান্সই আশরাফুলের মতো, সেখানে রোববার থেকে শুরু কিটপ্লাই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে নিয়ে আশায় বুক বাঁধার সাহস হচ্ছে না কারো। রোববার পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে কোচ জেমি সিডন্সের কথা শুনেও হতাশা বাড়তে পারে অনেকের। দায়িত্ব নেওয়ার পর থেকেই দেখছেন দল বাজে সময়ের মধ্য দিয়েই শুধু যাচ্ছে না, ক্রিকেটাররা একই ভুল করছেন বারবার। শিখিয়ে দিচ্ছেন এক আর মাঠে গিয়ে করছেন আরেক। সুবাদে গত কয়েক বছরে ওয়ানডে ক্রিকেটে পাওয়া বাংলাদেশের বড় বড় জয়গুলোকেও তার এখন যতোটা না দলের কৃতিত্ব বলে মনে হচ্ছে, তার চেয়ে অনেক বেশি মনে হচ্ছে 'ঝড়ে বক মারা' বলে! এই অস্ট্রেলিয়ানের কথার ভাবানুবাদ সেরকমই, "ওইসব জয়ের পেছনে নির্দিষ্ট কিছু কারণ ছিল। একটা ম্যাচে উইকেট ও কন্ডিশন আমাদের ফেভারে ছিল। অস্ট্রেলিয়াকে হারানো গিয়েছিল আশরাফুলের অসাধারণ এক সেঞ্চুরিতে। আরেকটা ম্যাচে বোলাররা খুব ভালো শুরু দিয়েছিল। তাতে প্রতিপক্ষকে ১৯০-র কিছু বেশি রানে আটকে দেওয়া গিয়েছিল।" নিজের দলকে তিনি ভালো দল তখনই বলবেন, যখন, "এভাবে বিক্ষিপ্তভাবে ভালো খেললে তো হবে না। নিয়মিত ভালো খেলতে হবে। আর ভালো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং ছাড়া কখনোই আপনি জিতবেন না। জয়ের স্বপ্ন সত্যি করতে হলে এসবগুলো ডিপার্টমেন্টেই ভালো করতে হবে।" তবে গত বিশ্বকাপে ভারত ম্যাচের কথা তিনি আবারো টেনেছেন, যেখানে প্রতিপক্ষকে ১৯০-র কিছু বেশি রানে অলআউট করে দিয়েছিল বাংলাদেশ, "এখানেও সেরকম কিছু করতে পারলে আমরা আবারো জিতবো।" পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই সেরকম কিছু ঘটানো অবশ্য কঠিন হবে। কিছুদিন আগেই পাকিস্তানে গিয়ে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে এসেছেন আশরাফুলরা। সেই সিরিজেই ইমরান খানকে (১০ ম্যাচ) টপকে পাকিস্তানকে রেকর্ড টানা ১১ ম্যাচ জেতানো অধিনায়ক হয়েছেন শোয়েব মালিক। শুক্রবারই সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক জানিয়ে দিয়েছেন এই রেকর্ডটাকে এখানে আরো লম্বা করতে চান। শনিবার পাকিস্তান শিবির থেকে মিডিয়ার সামনে পাঠানো হল কিছুদিন আগে চ্যাম্পিয়ন রাজস্থান রয়েলসের হয়ে আইপিএল মাতিয়ে আসা সোহেল তানভীরকে। অদ্ভুত অ্যাকশনের এই বাঁ হাতি পেসার যা বলে গেলেন, সেগুলোকে স্রেফ কথার কথা বলেই মনে হল, "বাংলাদেশের সঙ্গে কিছুদিন আগে কয়েকটা ম্যাচ খেললাম। তবে এখানে নিজেদের কন্ডিশনে তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।" ভারতীয় এক সাংবাদিক বিশ্বকাপের জয়গুলোর প্রসঙ্গ ওঠাতেই আশরাফুলও বলে ফেললেন, "নিজেদের দিনে আমরা যে কাউকে হারাতে পারি।" কিন্তু নিজেদের সেই দিনটা অনেক বিরতি দিয়ে আসে। একারণেই সেগুলোকে কোচেরও 'ঝড়ে বক মারা' বলে মনে হয়। এটাকে ভুল প্রমাণের পাশাপাশি এই ত্রিদেশীয় সিরিজে অধিনায়ক আশরাফুলেরও আছে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ, "অধিনায়ক হিসেবে আমার পারফরম করা প্রয়োজন। ইনশাল্লাহ এবার হয়ে যাবে। এই টুর্নামেন্টে প্রতিটা ডিপার্টমেন্টেই উন্নতি করার লক্ষ্য থাকবে আমাদের দলের।" সেই লক্ষ্য সামনে রেখে পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের জন্য শনিবার ১২ জনের দল ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ। ১২ জনে নেই মেহরাব হোসেন জুনিয়র এবং নাজিমউদ্দিন। এক নির্বাচক আভাস দিয়েছেন এই ম্যাচে ওয়ানডে অভিষেক হচ্ছে দলে একেবারেই নতুন মুখ ডলার মাহমুদের। সেক্ষেত্রে একাদশের বাইরে থাকছেন কে? দলীয় সূত্রের খবর অনুযায়ী অলরাউন্ডার ফরহাদ রেজাকেই পাকিস্তান ম্যাচে দ্বাদশ ব্যক্তির ভূমিকায় দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাংলাদেশের ১২ জনের দল : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), মাশরাফি বিন মর্তুজা (সহ-অধিনায়ক), শাহরিয়ার নাফীস, তামিম ইকবাল, রাকিবুল হাসান, অলক কাপালি, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, ফরহাদ রেজা, আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন এবং ডলার মাহমুদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫০ঘ.