২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার পর্যন্ত অন্তত আটক থাকছেন মোহাম্মদ আসিফ

অবৈধ ড্রাগ রাখার অভিযোগে দুবাই বিমানবন্দরে আটক মোহাম্মদ আসিফের ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসা হচ্ছে না এটা এখন পুরোনো খবর। বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর এক মুখপাত্র জানিয়েছেন, আগামী রোববার পর্যন্ত দুবাই বিমান বন্দরেই আটক থাকতে হবে আসিফকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2008, 04:22 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

করাচি, ৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অবৈধ ড্রাগ রাখার অভিযোগে দুবাই বিমানবন্দরে আটক মোহাম্মদ আসিফের ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসা হচ্ছে না এটা এখন পুরোনো খবর। বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর এক মুখপাত্র জানিয়েছেন, আগামী রোববার পর্যন্ত দুবাই বিমান বন্দরেই আটক থাকতে হবে আসিফকে। নিষিদ্ধ ড্রাগ রাখার অভিযোগে গত রোববার থেকে দুবাই বিমান বন্দরে আটক আছেন মোহাম্মদ আসিফ। বৃহস্পতিবার করাচির এক সংবাদ সম্মেলনে পিসিবি'র চিফ অপারেশন্স অফিসার শাফকাত নাগমি জানিয়েছেন আরো তিন দিন অন্তত আটক থাকতেই হবে পাকিস্তানী ফাস্টবোলারকে, " তদন্তে নিয়োজিত কর্মকর্তারা তার (আসিফ) ওপর চালানো পরীক্ষা-নিরীক্ষার ফলাফল এবং সেই (নিষিদ্ধ ড্রাগ হিসেবে জব্দ করা) উপাদানটি হাতে পেয়েছেন। ওসব ব্যাপারে আমরা এ মুহূর্তে কিছু বলতে পারবো না। শুধু এটুকু বলতে পারি যে মামলাটি নিয়ে কাজ করছেন আমাদের আইনজীবী। তবে একটা সিদ্ধান্তে আসার জন্য রোববার পর্যন্ত অপেক্ষায় থাকতেই হবে।" অর্থাৎ মোহাম্মদ আসিফ নিষিদ্ধ ড্রাগ সঙ্গে রাখার অভিযোগে সাজা পাবেন নাকি এ অভিযোগ থেকে মুক্তি পাবেন, রোববারের আগে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। এদিকে আসিফ এই কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়ায় বাংলাদেশে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের পাকিস্তান দল থেকে তাকে বাদ দেয়া হয়েছে। তার জায়গায় নেয়া হয়েছে তরুণ পেসার সোহেল খানকে। এ বছরই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছে সোহেলের। তিনটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে আসছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২০৩৯ ঘ.