২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান না ওয়ার্ন

স্টুয়ার্ট ম্যাকগিল অবসর নেয়ায় আরো বড় হয়ে উঠেছে প্রশ্নটা --- অবসর ভেঙ্গে আবার কি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন শেন ওয়ার্ন? প্রেক্ষাপটটা তৈরি করেছেন ওয়ার্ন নিজেই। অনেকের মতে সর্বকালের সেরা এই স্পিনার আইপিএল মাতানোর ফাঁকে ক'দিন আগেই জানিয়েছিলেন, রিকি পন্টিং দরকার মনে করলে তিনি (ওয়ার্ন) আবার অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 05:06 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

মুম্বাই, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- স্টুয়ার্ট ম্যাকগিল অবসর নেয়ায় আরো বড় হয়ে উঠেছে প্রশ্নটা --- অবসর ভেঙ্গে আবার কি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন শেন ওয়ার্ন? প্রেক্ষাপটটা তৈরি করেছেন ওয়ার্ন নিজেই। অনেকের মতে সর্বকালের সেরা এই স্পিনার আইপিএল মাতানোর ফাঁকে ক'দিন আগেই জানিয়েছিলেন, রিকি পন্টিং দরকার মনে করলে তিনি (ওয়ার্ন) আবার অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারেন। স্টুয়ার্ট ম্যাকগিল থাকছেন না। এ অবস্থায় ওয়ার্নকে পন্টিংয়ের অপরিহার্য মনে করাই স্বাভাবিক। কিন্তু মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন দুয়ে দুয়ে চারের এই হিসেবকে নাকি উড়িয়েই দিয়েছেন শেন কিথ ওয়ার্ন, "আমি এখন মুম্বাইয়ে। ওয়ার্নকে জানিয়েছিলাম স্টুয়ার্ট (ম্যাকগিল) অবসরের ঘোষণা দিতে চলেছে। কিন্তু এ বিষয়ে শেন তার অবস্থান আরো পরিস্কার করে বলেছে, ও যে শুধু (আন্তর্জাতিক ক্রিকেট থেকে) অবসরটা খুব উপভোগ করছে তা-ই নয়, (ফিরে আসাটা) এখন ওর মনের সবচেয়ে দূরবর্তী ভাবনা।" সাদারল্যান্ড ওয়ার্ন সম্পর্কে কথাগুলো বলেছেন সিডনি মর্নিং হেরাল্ডকে। একই পত্রিকাকে ওয়ার্নের গুরু টেরি জেনারও বলেছেন তার শিষ্যের এখন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ঠিক হবে না, তার মতে (অস্ট্রেলিয়ার) "আবার পিছিয়ে যাওয়ার কোনো যুক্তি নেই।" গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ওয়ার্নকে ফিরিয়ে আনা টেরি জেনারের কাছে (অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য) পেছন দিকে হাঁটা হলেও অনেকেই তার সঙ্গে একমত নন। 'ওয়ার্নি'র ফেরা উচিত -- এটা যারা মনে করেন সেই দলের সামনের কাতারে আছেন ড্যারেন লেম্যান আর কেরি ও'কিফ। ও'কিফ মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলে ওয়ার্ন বিশেষ করে অ্যাশেজ সিরিজে খুবই ভালো করবেন, " ওর ফেরার এটাই মোক্ষম সময়। আমি তো মনে করি ইংল্যান্ডে ও খুবই ভালো করবে।" এদিকে আরেক সাবেক অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটার লেম্যান মনে করছেন এই সংকটকালে ওয়ার্নকে অস্ট্রেলিয়ার খুব দরকার, "কারণ যা-ই হোক, আমরা (অস্ট্রেলিয়া) যে এখন কিছুটা সমস্যায় আছে এটা তো ঠিক। এ অবস্থাতেও ওর (ওয়ার্ন) প্রয়োজন অস্বীকার করাটা পাগলামী। আইপিএল-এর প্রথম দিকের কিছু ম্যাচ আমি দেখেছি। ও এখনো অসাধারণ বল করছে, ফিটনেস ঠিক রাখার জন্য কঠিন পরিশ্রম করছে। দেখে মনে হয়েছে ও এখনো দিনে অনেক ওভার বল করতে পারবে।" কিন্তু ওয়ার্ন যদি না ফেরেন তাহলে কি হবে অস্ট্রেলিয়ার? আগামী ১২ জুন থেকে শুরু হতে যাওয়া ওয়েস্টইন্ডিজ-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে কে নেবেন ম্যাকগিলের জায়গা? এ নিয়ে অবশ্য এক্ষুণি খুব বেশি না ভাবলেও চলবে রিকি পন্টিংয়ের। ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে আছেন বাঁ হাতি স্পিনার বু ক্যাসন। তা ছাড়া ক্যাসনের অনভিজ্ঞতাকে সমস্যা মনে করলে অ্যান্ডু সাইমন্ডস আর মাইকেল ক্লার্ককে দিয়েও কাজ চালিয়ে নিতে পারবেন পন্টিং। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৯০৭ ঘ.