২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্নের দলে এখন শুধুই উচ্ছ্বাস আর আনন্দ

বর্ণাঢ্য ক্যারিয়ারে তার অজস্র অর্জন। তবু রোববার রাতে আইপিএল-এর প্রথম আসরের শিরোপা জয়ের পর বাঁধ-ভাঙ্গা উচ্ছ্বাসে ফেটে পড়ছিলেন শেন ওয়ার্ন। টুর্নামেন্টের সবচেয়ে কম দামী দল হয়েও এমন অসাধারণ সাফল্যের জন্য দলের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক ও কোচ। বিশেষ করে দলের কয়েক জন তরুণ ক্রিকেটারের প্রশংসায় একেবারে পঞ্চমুখ সর্বকালের সেরা লেগস্পিনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2008, 04:35 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

মুম্বাই, ২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ণাঢ্য ক্যারিয়ারে তার অজস্র অর্জন। তবু রোববার রাতে আইপিএল-এর প্রথম আসরের শিরোপা জয়ের পর বাঁধ-ভাঙ্গা উচ্ছ্বাসে ফেটে পড়ছিলেন শেন ওয়ার্ন। টুর্নামেন্টের সবচেয়ে কম দামী দল হয়েও এমন অসাধারণ সাফল্যের জন্য দলের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক ও কোচ। বিশেষ করে দলের কয়েক জন তরুণ ক্রিকেটারের প্রশংসায় একেবারে পঞ্চমুখ সর্বকালের সেরা লেগস্পিনার। "এটা ছিল এক দুর্দান্ত অভিজ্ঞতা, পুরো দলের জন্যই সাত সপ্তাহের এক অসাধারণ সময়। দারুণ সময় কেটেছে আমাদের। টুর্নামেন্টের একেবারে শুরু থেকে একতাবদ্ধ ছিলাম আমরা"--- আইপিএল-এর প্রথম আসরে নিজের সুমধুর অভিজ্ঞতার কথা এভাবেই জানালেন 'ওয়ার্নি'। তারপরই তার কণ্ঠ থেকে পড়লো পাঠান-আসনোদকারদের প্রতি মুগ্ধতা, "তরুণরা যেভাবে ম্যাচের নিয়ন্ত্রণ করেছে তাতে আমি সত্যিই গর্বিত। অস্ট্রেলীয় খেলোয়াড়রা অনেক বেশি অভিজ্ঞ হতে পারে বটে, তবে আমাদের দলে স্বপ্নীল আসনোদকার ও ইউসুফ পাঠানের মতো ভারতীয় তরুণদের পারফরম্যান্সে আমি ভীষণ গর্ব বোধ করছি। ইউসুফ পাঠান ও স্বপ্নীল আসনোদকারকে বিভিন্ন পরিকল্পনা সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করতে দেখাটা ছিল আমাদের সবার জন্য দারুণ আনন্দদায়ক অভিজ্ঞতা। অধিনায়ক হিসাবে আমার সবচেয়ে বড় শক্তি ছিল এই খেলোয়াড়দের সেরাটা বের করে নিয়ে আসা। ব্যাটিংয়ে স্বপ্নীল (আসনোদকার), শেন (ওয়াটসন) ও ইউসুফ (পাঠান) ছিল দুর্দান্ত। অবশ্য আমাদের মূল শক্তি ছিল বোলিং। প্রত্যেক ম্যাচেই অন্তত পাঁচ জন স্পেশালিস্ট বোলার নিয়ে আমরা খেলেছি। বোলাররা এই টুর্নামেন্টের শিরোপা জয়ে বিশাল ভূমিকা রেখেছে। সব সময়ই বোলিংয়ে যথেষ্ট বিকল্প ছিল আমাদের হাতে।" প্রায় দেড় বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএল-এ দাপটের সঙ্গেই খেললেন ওয়ার্ন। সেজন্য সতীর্থদের কাছে তিনি ভীষণ কৃতজ্ঞ, "আগামী বছর আমার বয়স হবে ৪০। (ফাইনালের) এ ধরনের সমাপ্তির জন্য বয়সটা একটু বেশিই। তবে দলের খেলোয়াড়রা আমার মধ্যে তারুণ্য এনে দিয়েছে।" মহেন্দ্র ধোনি টোয়েন্টি টোয়েন্টিকে তরুণদের ক্রিকেট হিসাবে অভিহিত করায় তার শ্লেষ মেশানো মন্তব্যটাও মনে করিয়ে দিল পুরনো দিনের ওয়ার্নের কথা, "সেক্ষেত্রে আগামী বছর একটা ওয়াকিং স্টিক নিয়ে ফিরে আসবো আমি!" শুধু শিরোপাই নয়, ব্যক্তিগত পুরস্কারেও কোটি ডলারের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের জয়জয়কার। ফাইনালের সেরা ইউসুফ পাঠান, টুর্নামেন্টের সেরা শেন ওয়াটসন এবং সবচেয়ে বেশি ২২টি উইকেট নিয়ে সেরা বোলার নির্বাচিত সোহেল তানভির রাজস্থানের অনন্য অর্জনে বিশাল ভূমিকা রেখেছেন। রোববার ৩ উইকেট নেয়ার পর ৩৯ বলে ৫৬ রানের দারুণ এক ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ইউসুফ পাঠান প্রতিক্রিয়া জানাতে গিয়ে কিছুটা আবেগাক্রান্ত হয়ে পড়েছিলেন। পরে আবেগ সামলে তিনি জানালেন ফাইনালে তার সাফল্যের রহস্যের কথা, "বল হাতে পাওয়ার পর আমি শুধু চেষ্টা করেছি (প্রতিপক্ষের) ব্যাটসম্যানদের আটকে রাখতে। আর তাদের ওপরে চাপ সৃষ্টি করতে সক্ষমও হয়েছি। ব্যাট করতে নামার আগে কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলাম। তবে মাঠে নামার আগে সতীর্থ ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এবং এর পর শেন ওয়াটসনকে দেখে স্নায়ুকে নিয়ন্ত্রণ করতে পেরেছি।" ম্যান অব দ্য টুর্নামেন্ট ওয়াটসনও এমন দুর্দান্ত এক অর্জনে অভিভূত, "এটা একটা অবিশ্বাস্য অভিজ্ঞতা। বিজয়ী দলে থাকতে পারাও দারুণ ব্যাপার।" অন্যদিকে সোহেল তানভির দলের পাশাপাশি নিজের পারফরম্যান্সে আনন্দিত, "এই টুর্নামেন্টে খেলাটা সত্যিই উপভোগ করেছি আমি। ভালো বলও করেছি, যদিও ফাইনালে ভালো করিনি। ভবিষ্যতে এটা আমাকে সাহায্য করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০২০ঘ.