করাচি, ২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সদ্যসমাপ্ত আইপিএল-এ তিনি খেলার সুযোগ পাননি। এ বছর জিম্বাবুয়ে ও বাংলাদেশের সঙ্গে সিরিজেও আংশিক বিশ্রামে ছিলেন। তবে আগামী ৮ জুন থেকে ঢাকায় শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে দেখা যাবে মোহাম্মদ ইউসুফকে। সোমবার ১৬ সদস্যের দল ঘোষণার সময় এই অভিজ্ঞ ব্যাটসম্যানের ওপরে আস্থা রেখেছেন পাকিস্তানের নির্বাচকরা।
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টটির জন্য দল ঘোষণার সময় পাকিস্তানের প্রধান নির্বাচক সালাহউদ্দিন আহমেদের দাবী, "কঠিন এক টুর্নামেন্টের জন্য সম্ভাব্য সেরা দলই বেছে নিয়েছি আমরা। সেই সঙ্গে অভিজ্ঞতা অর্জনের জন্য কয়েক জন তরুণকেও আমরা দলে রেখেছি।" কথাটা সত্যি। এ বছরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ এবং ব্যাটসম্যান নোমানুল্লাহও সুযোগ পেয়েছেন ঢাকার ত্রিদেশীয় সিরিজের দলে।
পাকিস্তান দল :
শোয়েব মালিক (অধিনায়ক), সালমান বাট, নাসির জামশেদ, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ, মিসবাহ-উল হক, শহীদ আফ্রিদি, কামরান আকমল, মোহাম্মদ আসিফ, উমর গুল, সোহেল তানভির, রাও ইফতিখার, ওয়াহাব রিয়াজ, নোমানুল্লাহ, ফাওয়াদ আলম ও বাজিদ খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮০৩ঘ.
bdnews24