মুম্বাই, ৩০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ছোট ভাই ইরফান পাঠানের পথ ধরে ইউসুফ পাঠানও এখন ভারতের ওয়ানডে দলে। শুক্রবার বাংলাদেশে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ এবং পাকিস্তান আয়োজিত এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে ভারত। ১৫ সদস্যের দলে ইউসুফ ছাড়া আরেকটি নতুন মুখ প্রজ্ঞান ওঝা।
মূলত অফস্পিনার হলেও ইদানিং 'হার্ড হিটিং' ব্যাটসম্যান হিসাবেই বেশি পরিচিত ইউসুফ। আইপিএল-এর প্রথম আসরে তার প্রমাণও তিনি ভালো মতোই রেখেছেন। সেমিফাইনালের আগে রাজস্থান রয়্যালসের পক্ষে ১৩ ইনিংসে ৩টি ফিফটি সহ ২৭.৮৩ গড়ে তার রান ৩৩৪। ডেকান চার্জার্সের বিপক্ষে ২১ বলে করা টুর্নামেন্টের দ্রুততম ফিফটির রেকর্ডটিও তারই দখলে। এমন আক্রমণাত্মক ব্যাটিংই ভারতের ওয়ানডে দলে প্রথমবারের মতো সুযোগ এনে দিয়েছে ইউসুফকে। আইপিএল-এ ওঝার পারফরম্যান্সও নজর কাড়ার মতো। তার দল ডেকান চার্জার্স ১৪ ম্যাচে মাত্র দুটো জয় পেলেও ২৫.৮১ গড়ে ১১ উইকেট নিয়েছেন ওঝা। তাছাড়া গত বছর 'এ' দলের হয়ে কেনিয়া সফরেও বাঁহাতি স্পিনে মাঠে আলো ছড়িয়েছিলেন তিনি। সেই সফরে ২২ উইকেট নেয়া ওঝা একটি তিন দিনের ম্যাচে ৮৫ রানে ৯ উইকেট শিকার করে দলের ইনিংস ব্যবধানে জয়ের পথ প্রশস্ত করেছিলেন।
ইউসুফ ও ওঝা সুযোগ পাওয়ায় বাদ পড়েছেন উইকেট কিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিক ও পেসার মুনাফ প্যাটেল। এ বছরের শুরুতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিবি সিরিজে চ্যাম্পিয়ন হওয়া দলে দু জনই ছিলেন। শ্রীশান্তকে চড় মারার দায়ে ৫টি ওয়ানডেতে নিষিদ্ধ হরভজনকেও রাখা হয়নি দলে। আগের দিনই পুরনো কুঁচকির সমস্যার কারণে শচীন টেন্ডুলকারকে দুটো টুর্নামেন্টেই না পাওয়ার দুঃসংবাদ পেয়েছে ভারত। সিবি সিরিজে না থাকা দুই সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়কে আবারো উপেক্ষা করেছেন নির্বাচকরা। ভারতীয় দলে তাই তরুণদের ছড়াছড়ি।
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ৮ জুন থেকে। আর ৬ দলের এশিয়া কাপ ২৪ জুন শুরু হয়ে শেষ হবে ৬ জুলাই।
ক্রিকইনফোর সহায়তায়
ভারতীয় দল :
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, যুবরাজ সিং, রোহিত শর্মা, ইরফান পাঠান, সুরেশ রায়না, প্রবীন কুমার, পীযূষ চাওলা, ইউসুফ পাঠান, প্রজ্ঞান ওঝা, শান্তকুমারন শ্রীশান্ত, ইশান্ত শর্মা ও রুদ্রপ্রতাপ সিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৪২ঘ.
bdnews24