২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচে মুম্বাইয়ের সান্ত্বনার জয়

আগের দিন চেন্নাই সুপার কিংস শেষ দল হিসাবে সেমিফাইনাল নিশ্চিত করায় মুম্বাই ইন্ডিয়ানসের জন্য ম্যাচটা শুধুই আনুষ্ঠানিকতার। বুধবার আইপিএল-এ ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে আনুষ্ঠানিকতার সেই ম্যাচে মুম্বাই সহজেই ৯ উইকেটে হারিয়েছে ব্যাঙ্গালোরকে। যে জয়ের সুবাদে ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করলো টেন্ডুলকারের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 04:50 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ব্যাঙ্গালোর, ২৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিন চেন্নাই সুপার কিংস শেষ দল হিসাবে সেমিফাইনাল নিশ্চিত করায় মুম্বাই ইন্ডিয়ানসের জন্য ম্যাচটা শুধুই আনুষ্ঠানিকতার। বুধবার আইপিএল-এ ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে আনুষ্ঠানিকতার সেই ম্যাচে মুম্বাই সহজেই ৯ উইকেটে হারিয়েছে ব্যাঙ্গালোরকে। যে জয়ের সুবাদে ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করলো টেন্ডুলকারের দল। ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা মুম্বাইয়ের সহজ জয় নিশ্চিত হয়েছে ১১.৩ ওভারে ৯৬ রানের উদ্বোধনী জুটিতে। ৩৭ বলে ৪টি করে ছক্কা ও বাউন্ডারিতে ৫৪ রান করা জয়াসুরিয়াকে অখিলের ক্যাচ বানিয়ে জুটিটা ভেঙ্গে দেন স্টেইন। দল সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলেও একটা ব্যক্তিগত অর্জনে ঠিকই উদ্ভাসিত জয়াসুরিয়া। আইপিএল-এর প্রথম আসরে গৌতম গম্ভীরের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে পাঁচ শ' রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ১৪ ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটিসহ তার সর্বমোট রান ৫১৪। জয়াসুরিয়ার বিদায়ের পর উথাপ্পাকে (১৯*) সঙ্গে নিয়ে দুই ওভার হাতে রেখেই দলকে লক্ষ্যে পৌঁছে দিয়েছেন টেন্ডুলকার (৪০*)। এর আগে বৃষ্টিতে প্রায় দেড় ঘন্টা দেরিতে শুরু হওয়ায় ম্যাচটা নেমে আসে ১৮ ওভারে। ব্যাঙ্গালোরে চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা স্বাগতিকদের মার্ক বাউচার ও শ্রীবৎস গোস্বামী ৩৫ রানের মোটামুটি ভালো সূচনা এনে দিলেও দিলহারা ফার্নান্দো বল হাতে নিয়ে বিপদে ফেলে দেন তাদের। সোমবার ফার্নান্দোর করা শেষ ওভারে নাটকীয় জয় পেয়ে লিগ পর্বের শীর্ষস্থান নিশ্চিত করেছিল রাজস্থান রয়্যালস। সেই দুঃখ ভুলতেই বোধহয় জ্বলে উঠলেন শ্রীলঙ্কার এই পেসার, একে-একে ফিরিয়ে দিলেন বাউচার (১৮), গোস্বামী (২০) ও মিসবাহ-উল হককে (০)। ৩৯ রানে তিন উইকেট হারানোর পর রাহুল দ্রাবিড় ও ক্যামেরন হোয়াইটের ৩৫ রানের জুটি স্বস্তি ফিরিয়ে এনেছিল ব্যাঙ্গালোর শিবিরে। কিন্তু ২০ বলে ২৬ রান করা হোয়াইটকে ফার্নান্দোর ক্যাচ বানিয়ে প্রতিপক্ষকে বড় এক ধাক্কা দেন ডুইন স্মিথ। এই স্মিথই দ্রাবিড় (১১) ও অখিলকে (৫) আউট করে ৭ উইকেটে ৮৩ রানে পরিণত করেন ব্যাঙ্গালোরকে। সেখান থেকে স্বাগতিকদের ৯ উইকেটে ১২২ রানে পৌঁছে দেয় বিনয় কুমার (২৩) ও প্রবীন কুমারের (৮) ৩৯ রানের জুটি। ১৮ রানে ৪ উইকেট নিয়ে ব্যাঙ্গালোরের সবচেয়ে বেশি সর্বনাশ করা ফার্নান্দো ম্যাচের সেরা। ২৬ রানের বিনিময়ে স্মিথের শিকার ৩ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৩০ঘ.