ঢাকা, ২৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জুনে ত্রিদেশীয় সিরিজ শেষ হওয়ার সপ্তাহ খানেকের মধ্যেই বাংলাদেশ দলকে পাকিস্তান যেতে হবে এশিয়া কাপ খেলতে। আর ত্রিদেশীয় সিরিজের দুটো ম্যাচ দেখেই দলে কোনো পরিবর্তন আনার পক্ষপাতী নন নির্বাচকরা। তাই মঙ্গলবার একবারে দুটো টুর্নামেন্টের জন্যই বাংলাদেশ দল ঘোষণা করে দিয়েছেন তারা। ত্রিদেশীয় সিরিজের ১৪ এবং এশিয়া কাপের জন্য ঘোষিত ১৫ জনের দলে নতুন মুখ একটাই -- পেসার ডলার মাহমুদ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ছুটি নেওয়া সাকিব আল হাসানের জায়গায় দলে এসেছেন মেহরাব হোসেন জুনিয়র। আর সদ্য সমাপ্ত প্রিমিয়ার ক্রিকেট লিগে সর্বোচ্চ রান করে দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
গত মাসে পাকিস্তান সফর করে আসা দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার ধীমান ঘোষ এবং ওপেনার জুনায়েদ সিদ্দিকী। পরেরজনের বাদ পড়ার কারণ ব্যাখ্যায় সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক রফিকুল আলম বললেন, "ওয়ানেডেতে জুনায়েদের ফর্ম খুব খারাপ যাচ্ছে বলেই ওকে বাদ দেওয়া হয়েছে। ওর একটা ব্রেক প্রয়োজন বলে মনে হয়েছে আমাদের।" কিন্তু পাকিস্তান সফরের পর ঘরোয়া ক্রিকেটেও চরমভাবে ব্যর্থ আফতাব আহমেদের ক্ষেত্রেও একই পথ অবলম্বন না করার কারণ, "এই মুহূর্তে আফতাবের সময় খারাপ যাচ্ছে, এটা সত্যি। তারপরও ওর ওপর আস্থা রাখার কারণ আফতাবের অভিজ্ঞতা। তাছাড়া দলে খুব বেশি পরিবর্তন আনাও আমাদের নির্বাচনী নীতির সঙ্গে যায় না।" আফতাবের ফর্মহীনতা খুব বেশিদিন ধরে চলছে বলেও মনে করেন না তিনি, "নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের সঙ্গে ওর পারফরম্যান্স কিন্তু খারাপ ছিল না।"
প্রিমিয়ার ক্রিকেটে ১৪ ম্যাচে সর্বোচ্চ ৬৩২ রান করায় মুশফিকের দলে ফেরা নিশ্চিতই ছিল। এতে দলের 'কম্বিনেশন' সুদৃঢ় হয়েছে বলেও মনে করেন প্রধান নির্বাচক, "মুশফিক ব্যাটিং অর্ডারে ওপরের দিকেই ব্যাট করে। আর ধীমান করে লোয়ার অর্ডারে। টিম কম্বিনেশনের স্বার্থেই আমরা ধীমানকে এবার রাখতে পারিনি। ফোনালাপে জানিয়েও দেওয়া হয়েছে ওর বাদ পড়াটা ব্যাড লাক।" প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে ৪৮২ রান করা অলক কাপালির পক্ষেও তার অভিজ্ঞতা ছিল। কিন্তু সাকিব আল হাসানের শুন্যস্থান পূরণে অলক নন, মেহরাব হোসেন জুনিয়র প্রাধান্য পেয়েছেন, কারণ, "সন্দেহ নেই এই মৌসুমে অলক খুব ভালো খেলেছে। কিন্তু টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের পর ওর কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলার বিষয়টাও আমাদের ভাবতে হয়েছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান অ্যাকাডেমির বিপক্ষে মেহরাবের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। আন্তর্জাতিক ক্রিকেটও খেলেছে। সবমিলিয়ে সাকিবের জায়গায় ওকেই সবচেয়ে যোগ্য বলে মনে হয়েছে।" ব্যাটিংয়ের পাশাপাশি মেহরাবের বাঁ-হাতি স্পিনটাও এসেছে নির্বাচকদের বিবেচনায়।
ডলার দলে আছেন ঠিকই, তবে তিনি নির্বাচকদের প্রথম পছন্দ ছিলেন না। রফিকুল বললেন সে কথাই, "আমাদের প্রথম পছন্দ ছিল নাজমুল হোসেন। কিন্তু গ্রোয়েন ইনজুরির জন্য ফিজিও ওকে আনফিট ঘোষণা করেছে। সৈয়দ রাসেলও আনফিট ঘোষিত হয়েছে। গোড়ালির সমস্যার জন্য ওকে কমপক্ষে দুই সপ্তাহ বিশ্রাম নিতে হবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার পর অ্যাকাডেমির হয়েও দুর্দান্ত পারফর্ম করা ডলারকে তাই আমরা সুযোগটা দিলাম।"
ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দল : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), মাশরাফি বিন মর্তুজা (সহ-অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, আফতাব আহমেদ, আব্দুর রাজ্জাক, ফরহাদ রেজা, শাহরিয়ার নাফীস, নাজিমউদ্দিন, রাকিবুল হাসান, শাহাদাত হোসেন, মুশফিকুর রহিম, মেহরাব হোসেন জুনিয়র এবং ডলার মাহমুদ।
রিজার্ভ : জুনায়েদ সিদ্দিকী, ধীমান ঘোষ, রুবেল হোসেন, অলক কাপালি এবং মোশাররফ হোসেন রুবেল।
এশিয়া কাপের বাংলাদেশ দল : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), মাশরাফি বিন মর্তুজা (সহ-অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, আফতাব আহমেদ, আব্দুর রাজ্জাক, ফরহাদ রেজা, শাহরিয়ার নাফীস, নাজিমউদ্দিন, রাকিবুল হাসান, শাহাদাত হোসেন, মুশফিকুর রহিম, মেহরাব হোসেন জুনিয়র, ডলার মাহমুদ, এবং মোশাররফ হোসেন রুবেল।
রিজার্ভ : জুনায়েদ সিদ্দিকী, ধীমান ঘোষ, রুবেল হোসেন, অলক কাপালি এবং নাঈম ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/১৯৩৪ ঘ.
bdnews24