২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টানা তৃতীয় হারে মুম্বাইয়ের সেমিফাইনাল-স্বপ্ন প্রায় শেষ

আইপিএল-এর সেমিফাইনালে উঠতে হলে জিততেই হবে শেষ দুই ম্যাচে। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে থাকা মুম্বাই ইন্ডিয়ানস সোমবার ৫ উইকেটে হেরে গেছে রাজস্থান রয়্যালসের কাছে। টানা তৃতীয় এবং সব মিলিয়ে সপ্তম পরাজয়ে মুম্বাইয়ের সেমিফাইনালে ওঠার স্বপ্ন প্রায় শেষই বলা যায়। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে দাঁড়িয়ে আছে টেন্ডুলকারের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 05:25 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

জয়পুর, ২৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিএল-এর সেমিফাইনালে উঠতে হলে জিততেই হবে শেষ দুই ম্যাচে। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে থাকা মুম্বাই ইন্ডিয়ানস সোমবার ৫ উইকেটে হেরে গেছে রাজস্থান রয়্যালসের কাছে। টানা তৃতীয় এবং সব মিলিয়ে সপ্তম পরাজয়ে মুম্বাইয়ের সেমিফাইনালে ওঠার স্বপ্ন প্রায় শেষই বলা যায়। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে দাঁড়িয়ে আছে টেন্ডুলকারের দল। মঙ্গলবার চেন্নাই সুপার কিংস ডেকান চার্জাসকে হারালেই শেষ চারে ওঠার আশা শেষ হয়ে যাবে তাদের। অন্যদিকে তাদের এই হারে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা দিল্লির সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেলো। ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে রাজস্থান সবার ওপরেই আছে যথারীতি। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা মুম্বাই ইন্ডিয়ানসকে টেন্ডুলকার-জয়াসুরিয়া উদ্বোধনী জুটিতে ৭১ রান এনে দিলেও সেজন্য তাদের খেলতে হয়েছে ১১ ওভার। জয়াসুরিয়াকে (৩৭ বলে ৩৮) পঙ্কজ সিংয়ের ক্যাচ বানিয়ে রাজস্থান রয়্যালসকে ব্রেক থ্রু এনে দেন ত্রিবেদী। ৩৪ বলে ৩০ রান করা টেন্ডুলকারের উইকেটটাও তারই। তবে মুম্বাইয়ের ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন সোহেল তানভির। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে পাকিস্তানের এই বাঁহাতি পেসারের শিকার ৪ উইকেট। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটও (২১টি) এখন তারই দখলে। তানভিরের দুর্দান্ত বোলিংয়ের জন্যই ১৯ ওভার শেষে মুম্বাইয়ের স্কোর ছিল ৭ উইকেটে ১২০ রান। সেখান থেকেই ওয়াটসনের করা শেষ ওভারে ঝড় তুলেছেন টাকাওয়ালে। চার বাউন্ডারি ও এক ছক্কায় দলকে ২৫ রান এনে দিয়েছেন তিনি। আর তাই মুম্বাই পেয়েছে ৭ উইকেটে ১৪৫ রানের সম্মানজনক সংগ্রহ। ৮ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন টাকাওয়ালে। জবাবে শুরু থেকেই ধুঁকতে শুরু করে রাজস্থান রয়্যালস। কামরান আকমল (১৮), আসনোদকার (১৭), ইউসুফ পাঠান (২), ওয়াটসন (১৮) ও কাইফের (১২) ব্যর্থতায় ১২ ওভারশেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৭৭ রান। এর মধ্যে আসনোদকার ও ইউসুফের উইকেট দুটো ফার্নান্দোর, ওয়াটসনকে টেন্ডুলকারের ক্যাচ বানিয়েছেন রাজে এবং কামরান ও কাইফ রান আউট। শেষ ৩ ওভারে দরকার ছিল ৪৩ রান। আশীষ নেহরা ও রোহান রাজের করা পরের দুই ওভার থেকে ১১ ও ১৭ অর্থাৎ ২৮ রান তুলে নিয়ে শেষ ওভারে প্রয়োজনটাকে ১৫ রানে নিয়ে আসেন নিরাজ প্যাটেল ও রবীন্দ্র জাদেজা। দিলহারা ফার্নান্দোর করা সেই ওভারের শেষ বলে দলকে নাটকীয়ভাবে জয় এনে দেন প্যাটেল (২৯ বলে অপরাজিত ৪০) ও জাদেজা (২০ বলে অপরাজিত ২৩)। ৮ ওভারে দু জনের ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটিই নাটকীয় জয় এনে দিয়েছে রাজস্থানকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/০০৩০ঘ.