ম্যানচেস্টার, ২৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এবার আর প্রথম ইনিংসের মতো ভুল করেনি ইংল্যান্ড। ৬১ রানে শেষ ৮ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২০২ রানে অলআউট হয়ে গিয়েছিল ইংলিশরা। তবে ২৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে সে ধরনের যন্ত্রণায় পুড়তে দেননি অ্যান্ড্রু স্ট্রাউস। তার দারুণ এক সেঞ্চুরির সুবাদে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। সোমবার চতুর্থ দিন চা-বিরতির ঠিক আগে জয় পাওয়া ইংল্যান্ড তিন টেস্টের সিরিজে এখন ১-০তে এগিয়ে।
১ উইকেটে ৭৬ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড মধ্যাহ্ন বিরতি পর্যন্ত একটা উইকেটই হারিয়েছিল। ফিফটি থেকে ২ রান দূরে থাকা মাইকেল ভনকে (৪৮) কট বিহাইন্ড করেন মার্টিন। ভনের সঙ্গে ৯০ রানের জুটি গড়া স্ট্রাউস পিটারসেনকে নিয়ে ৮৫ রানের আরেকটা মূল্যবান জুটি উপহার দিয়েছেন দলকে। দ্বাদশ টেস্ট সেঞ্চুরি পাওয়া স্ট্রাউসকে শেষ পর্যন্ত থামিয়েছেন ও' ব্রায়েন, টেলরের ক্যাচ বানিয়ে। ১৮৬ বলে খেলা ১০৬ রানের ইনিংসটা সাজানো ছিল ১২টি বাউন্ডারিতে।
স্ট্রাউসের বিদায়ের সময় ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ২৩৫ রান। আর ১৩ রান যোগ হওয়ার পর পিটারসেনও (৪২) রান আউট। তখন নিউজিল্যান্ড শিবির কিছুটা উজ্জীবিত হলেও অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটি গড়ে তাদের সব আশা শেষ করে দেন কলিংউড ও বেল। শেষ পর্যন্ত কলিংউড ২৪ ও বেল অপরাজিত ছিলেন ২১ রানে। ৩৭ রানে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস মাত্র ১১৪ রানে শেষ করে দেয়া মন্টি পানেসারের হাতে উঠেছে ম্যাচ-সেরার পুরস্কার।
ট্রেন্টব্রিজে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ জুন থেকে।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ৩৮১ ও ১১৪ (হাও ২৯, মার্শাল ২৮; পানেসার ৬/৩৭, সাইডবটম ২/২৬)
ইংল্যান্ড : ২০২ ও ২৯৪/৪ (স্ট্রাউস ১০৬, কুক ২৮, ভন ৪৮, পিটারসেন ৪২, বেল ২১*, কলিংউড ২৪* ; মার্টিন ১/৪৫, ও' ব্রায়েন ১/৬২, ভেট্টোরি ১/১১১)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১২৮ঘ.
bdnews24