কলকাতা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাওয়া-পাওয়ার কিছু ছিল না, আইপিএলে নিজেদের শেষ ম্যাচে তবু একটা সান্ত্বনার জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এ ম্যাচের আগেই সেমিফাইনালে উঠে যাওয়া কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে রোববার ৩ উইকেটের এই জয়টা এসেছে অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর হাত ধরেই। ৫৩ বলে তার অপরাজিত ৮৬ রানের ইনিংসটার কাছেই শেষ পর্যন্ত হেরে গেছে যুবরাজ সিংয়ের দল।
শেষ দৃশ্যের নায়ক সৌরভ হলেও ম্যাচের আসল নায়ক কিন্তু পাকিস্তানী ফাস্টবোলার উমর গুল। টস জিতে ব্যাট করতে নেমে কলকাতার মাঠে আইপিএলের সর্বোচ্চ সংগ্রহই গড়েছিল কিংস ইলেভেন। ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান তোলে তারা। স্কোরটা নির্ঘাত আরো বড় হতো গুল ২৩ রানে ৪ উইকেট নিয়ে হোপস (১৩), সাঙ্গাকারা (৬৪), ইরফান পাঠান (৭), চাওলাদের (০) না থামালে। এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার নতুন সেনসেশন শন মার্শকে (৪০) আকাশ চোপড়ার ক্যাচ বানানো অজন্তা মেন্ডিসও (১/২৩) ছিলেন পাঞ্জাবের বড় স্কোর গড়ার পথের বড় বাধা।
১৭৫ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে একপ্রান্তের প্যাভিলিয়নমুখী মিছিলের মধ্যেও সৌরভ ছিলেন অবিচল। ১৬তম ওভারে ১০৬ রানে ৬ষ্ঠ উইকেট হারানোর পর তার সঙ্গী হলেন উমর গুল। এর আগ পর্যন্ত ওপেনার সালমান বাট (২৪) ছাড়া কেউই পারেননি জয়ের আশা জিইয়ে রাখার মতো ব্যাট করতে। গুল পারবেন এমন আশা তখনো কেউ করেছেন বলে মনে হয় না। সবাইকে অবাক করে পাঞ্জাবের বোলারদের চ্যালেঞ্জ জানানোর কাজটা গুলই শুরু করলেন। শুরুতেই হোপসের করা ১৬ তম ওভারের পঞ্চম আর শেষ বলে পরপর দুটো ছক্কা। সেখানেই থেমে থাকেননি, আরো একটি ছক্কা আর চার মেরে ১১ বলে ২৪ রান দিয়ে যান কলকাতা নাইটরাইডার্সকে। ততক্ষণে সপ্তম উইকেট জুটিতে মাত্র ১৮ বলে এসে গেছে মূল্যবান ৪৯ রান! ওদিকে গুলের ব্যাটিংয়ে যেন বাড়তি অনুপ্রেরণা খুঁজে পান সৌরভ। তাই ৪১ বলে টুর্নামেন্টে নিজের তৃতীয় ফিফটি পাওয়ার পর ১২ বলে তোলেন আরো ৩৫ রান! ইরফান পাঠানের করা শেষ ওভারে দরকার ছিল ১৫ রান। সেই ১৫ তুলতে গাঙ্গুলীর লাগলো ৪ বল : ৬,২,৬ আর ১
bdnews24