চেন্নাই, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- শেন ওয়ার্ন আর মুত্তিয়া মুরালিধরনের লড়াই! এভাবে দেখলে আইপিএল-এ শনিবারের রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের গুরুত্ব অনেক। যদিও ওয়ার্নের রাজস্থানের জন্য ম্যাচটা তেমন গুরুত্বপূর্ণ ছিল না। সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলায় এ ম্যাচে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রামে রেখেছিল তারা। তবে তারপরও আইপিএল-এর প্রথম আসরের সবচেয়ে বড় বিস্ময় রাজস্থানই বিজয়ী। টান টান উত্তেজনার রান-বন্যার এক ম্যাচে চেন্নাইকে ১০ রানে হারিয়ে শীর্ষস্থানও অক্ষুন্ন রেখেছে তারা।
চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে নতুনদের সুযোগ দেয়ার ব্যাপারটি অবশ্য একেবারেই ধরা পড়েনি রাজস্থানের ব্যাটিংয়ে। টস জিতে ব্যাট করতে নেমে গ্রায়েম স্মিথ (৫১ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৯১), কামরান আকমল (২৮ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫৩) এবং স্বপ্নীল আসনোদকারের (২৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪১) তিনটি ঝড়ো ইনিংসের সুবাদে ৫ উইকেটে ২১১ রানের বড় সংগ্রহ গড়ে ওয়ার্নের দল। স্মিথ-আসনোদকারের ১১.১ ওভারের ১২৭ রানের উদ্বোধনী জুটিই রাজস্থানের এত বড় সংগ্রহের ভিত্তি।
সেমিফাইনাল নিশ্চিত করতে জয়টা খুব জরুরি ছিল চেন্নাইয়ের। এই সমীকরণ মাথায় নিয়ে ব্যাট করতে নেমে স্বাগতিকরা শুরুতে স্টিভেন ফ্লেমিংকে (৭) হারালেও পার্থিব প্যাটেল (৪০ বলে ৫টি চার ও দুই ছক্কায় ৫৪) এবং সুরেশ রায়নার (২৪ বলে ৬টি চার ও দুই ছক্কায় ৪৫) দুটো আক্রমণাত্মক ইনিংসের সুবাদে জয়ের স্বপ্ন দেখছিল। প্যাটেল-রায়না ফিরে যাওয়ার পর লড়াইটা বলতে গেলে একাই চালিয়েছেন অ্যালবি মরকেল। কিন্তু তার ৪০ বলে ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা সমৃদ্ধ ৭১ রানের ঝড়ো ইনিংসের পরও ৭ উইকেটে ২০১ রানের বেশি করতে পারেনি চেন্নাই।
৩৩ রানে ৩ উইকেট নেয়া সোহেল তানভির রাজস্থানের সেরা বোলার। ৩৫ রানের বিনিময়ে ওয়ার্নের শিকার ২ উইকেট। বল হাতে ২ উইকেট নেয়ার পর ৭১ রানের দারুণ ইনিংসের সুবাদে ম্যাচ-সেরার পুরস্কার উঠেছে মরকেলের হাতে। কিন্তু সেটা তাকে কিংবা তার দলকে শুধু সান্ত্বাই দিতে পেরেছে। কারণ ত্রয়োদশ ম্যাচে ষষ্ঠ পরাজয়ে চেন্নাইয়ের সেমিফাইনাল-স্বপ্ন ধাক্কা খেয়েছে ভালো মতোই। অন্যদিকে এক ম্যাচ কম খেলে দশম জয় পাওয়া রাজস্থান ২০ পয়েন্ট নিয়ে যথারীতি সবার ওপরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এএআর/২০৩২ঘ.
bdnews24