ম্যানচেস্টার, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগের দিনের ৪ উইকেটে ২০২ রান নিয়ে ব্যাট করতে নেমেই দু'দুটো ধাক্কা। তিন বলের ব্যবধানে জ্যাকব ওরাম (৩৮) আর ড্যানিয়েল ভেট্টোরি (১) রান আউট! তবে ২৫০ রানে ৬ উইকেট হারানোর পরও শনিবার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বেশ ভালো সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড। রস টেলরের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির সুবাদে অলআউট হওয়ার আগে ৩৮১ রান করেছে কিউইরা। জবাবে দ্বিতীয় দিনশেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৫২ রান। আউট হওয়া চার ব্যাটসম্যান স্ট্রাউস (৬০), কুক (১৯), ভন (৩০) ও সাইডবটম (৪)। দুটো করে উইকেট নিয়েছেন ও' ব্রায়েন ও ভেট্টরি।
সপ্তম উইকেটে কাইল মিলসের সঙ্গে টেলরের ৮৯ রানের জুটিই পৌনে চার শ'র ওপরে পৌঁছে দিয়েছে নিউজিল্যান্ডকে। ৫৭ রান করা মিলসকে বোল্ড করে জুটিটা ভেঙ্গে দেন জেমস অ্যান্ডারসন। তবে টেলরকে ইংল্যান্ডের কোনো বোলার আউট করতে পারেননি। ১৭টি বাউন্ডারি ও ৫টি ছক্কায় ১৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত থেকে যান তিনি। ১১৮ রানে ৪ উইকেট নেয়া অ্যান্ডারসন ইংল্যান্ডের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এএআর/০০১৪ঘ.
bdnews24