কিংস্টন, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- অনেকটা 'নতুন চেহারার' অস্ট্রেলিয়াকে পেয়েও স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ। রিকি পন্টিংয়ের ৩৫তম টেস্ট সেঞ্চুরি আর মাইকেল হাসি (৫৬), ব্র্যাড হজ (৬৭) এবং অ্যান্ড্রু সাইমন্ডসের ফিফটির সুবাদে কিংস্টন টেস্টে ৪৩১ রানে প্রথম ইনিংস শেষ করে অস্ট্রেলিয়া। এর যুৎসই জবাব দিতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন শেষে তাদের স্কোর ৩ উইকেটে ১১৫।
আগের দিনের ৪ উইকেটে ৩০১ নিয়ে ব্যাট করতে নেমে শুক্রবার লাঞ্চের পর ৪৩১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দশম উইকেটে স্টুয়ার্ট ম্যাকগিলের (২) সঙ্গে ৩২ রান তুলে প্রতিপক্ষের হতাশা বাড়ান অ্যান্ড্রু সাইমন্ডস। প্রথম দিন আশা জাগিয়েও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে অল্প রানে বেঁধে রাখতে ব্যর্থ উইন্ডিজ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ফিদেল অ্যাডওয়ার্ডস। ১০৪ রান খরচায় ক্যারিয়ারে ষষ্ঠ বারের মতো ইনিংসে ৫ উইকেট পেয়েছেন তিনি।
ইনজুরির জন্য খেলতে পারছেন না ক্রিস গেইল। তাই এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রামনরেশ সারোয়ান। ওপেনিংয়ে ডেভন স্মিথের সঙ্গী হিসেবে গেইলের জায়গায় নামাতে হয় ব্রেন্টন পার্চমেন্টকে। খুব খারাপ করেননি তারা। জুটিতে ৪৭ রান তোলার পর স্টুয়ার্ট ক্লার্কের বলে উইকেটের পেছনে হ্যাডিনকে ক্যাচ দিয়ে দেন স্মিথ (৩২)। দলকে ৬২ রানে রেখে সারোয়ানও (৭) ফিরে যান একই কায়দায়। অন্যপ্রান্তেলড়ে যাচ্ছিলেন পার্চমেন্ট। ৬৮ রানের মধ্যে (৬০ বলে) ৯ রান করে সেই ক্লার্কে বলে তিনিও বোল্ড। বিনা উইকেটে ৪৭ থেকে স্কোর তখন ৩ উইকেটে ৬৮। দিনের বাকি সময়ে বিপদ আর বাড়তে দেননি রুনাকো মর্টন (২৩*) এবং শিবনারাইন চন্দরপল (২৫*)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৫০৫ ঘ.
bdnews24