জোহানেসবার্গ, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ভারত সফরের দলে না রাখায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার কথাও নাকি ভেবেছিলেন। তবে পারফরম্যান্স ছাড়া অন্য কারণে বাদ পড়ার হতাশা থেকে মুক্তি পাচ্ছেন আন্দ্রে নেল। ইংল্যান্ড সফরের জন্য ১৫ জনের দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা করা হয়েছে। সেখানে রাখা হয়েছে তাকে।
আগামী ২৪ জুন ৪ টেস্ট, ৫ ওয়ানডে, একটি টোয়েন্টি টোয়েন্টি ও ছয়টি ট্যুর ম্যাচের দীর্ঘ এক সফরের জন্য ইংল্যান্ড রওনা হবে দক্ষিণ আফ্রিকা দল। এ সফরের দলে রাখা হয়েছে ৬ জন ফাস্ট বোলার, নেল তাদেরই একজন। ভারত সফরের দল থেকে তাকে বাদ পড়তে হয়েছিল প্রত্যেক সফরে দক্ষিণ আফ্রিকার অন্তত ছয়জন অশ্বেতাঙ্গ খেলোয়াড় রাখার নিয়মের বলি হয়ে।
ইংল্যান্ড সফরে ১৫ জনের দক্ষিণ আফ্রিকা দল : গ্রায়েম স্মিথ, অ্যাশওয়েল প্রিন্স, হাশিম আমলা, মার্ক বাউচার, এবি ডিভিলিয়ার্স, জেপি ডুমিনি, পল হ্যারিস, জ্যাক ক্যালিস, নিল ম্যাকেঞ্জি, মর্নে মরকেল, আন্দ্রে নেল , মাখায়া এনটিনি, রবিন পিটারসন, ডেল স্টেইন ও মন্ডে জন্ডেকি।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৯৪০ঘ.
bdnews24