২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালের পথে মুম্বাইয়ের আরেক ধাপ

মুম্বাইয়ের জয়ের রথ ছুটেই চলেছে। শুরুতে টানা হারে যারা ছিল একেবারে নীচের দিকে সেই মুম্বাই এখন সেমিফাইনালের খুব কাছে। রোববার হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ডেকান চার্জার্সকে ২৫ রানে হারিয়েছে টেন্ডুলকারের দল। দশম ম্যাচে টানা ষষ্ঠ জয়ে তাদের পয়েন্ট ১২ এবং সুবাদে তারা এখন এককভাবে চতুর্থ স্থানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 09:43 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

হায়দ্রাবাদ, ১৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- মুম্বাইয়ের জয়ের রথ ছুটেই চলেছে। শুরুতে টানা হারে যারা ছিল একেবারে নীচের দিকে সেই মুম্বাই এখন সেমিফাইনালের খুব কাছে। রোববার হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ডেকান চার্জার্সকে ২৫ রানে হারিয়েছে টেন্ডুলকারের দল। দশম ম্যাচে টানা ষষ্ঠ জয়ে তাদের পয়েন্ট ১২ এবং সুবাদে তারা এখন এককভাবে চতুর্থ স্থানে। টস জিতে ডেকান শুরুতে ব্যাট করতে পাঠিয়েছিল মুম্বাইকে। নুয়ান জয়সার এক ওভারে ১৯ রানসহ জয়াসুরিয়ার ১৫ বলে ৩৬, অভিষেক নায়ারের ২৪ বলে ৩৮, ডুয়াইন ব্রাভোর ১৭ বলে ৩০ এবং টেন্ডুলকারের ১৮ বলে ২৩ রানের ইনিংসগুলো তাদের ২০ ওভার শেষে পৌঁছে দেয় ৭ উইকেটে ১৭৮ রানে। আরপি সিং তিন উইকেট (৩/৩৫) আর আফ্রিদি (২/২৩) এবং বেনুগোপাল রাও (২/২৫) দুটি করে উইকেট নিয়ে স্কোরটাকে আর বড় হতে দেননি। শেষ দিকে উত্তেজনা ফিরে এলেও আসলে কিন্তু ম্যাচ একরকম শেষ হয়ে গিয়েছিল ডেকান চার্জার্সের ইনিংসের শুরুর দিকেই। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই আফ্রিদিকে (০) থর্নির ক্যাচ বানান ব্রাভো। শন পোলকের অনুপস্থিতিতে ব্রাভোর এই আঘাতে যেন হকচকিয়ে গেল ডেকান। পঞ্চম ওভারে পরপর দুই বলে দিলহারা ফার্নান্দো গিলক্রিস্ট (১৩) আর রোহিত শর্মাকেও (৬) ধরিয়ে দেন প্যাভিলিয়নের পথ, স্কোর তখন ৩ উইকেটে ২০। সেখান থেকে ঘুরিয়ে দাঁড়িয়েও যে শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ হয়েছে! অবশ্য তা সম্ভব হয়েছে ভেনুগোপাল রাওয়ের ৩৮ বলে ৫৭ এবং তেজার ২৭ বলে ৩৭ রানের ইনিংস দুটোর সুবাদে। এ দুজনের ৭৪ রানের পঞ্চম উইকেট জুটি ম্যাচে ফিরিয়েছিল ডেকান চার্জার্সকে। তবে ব্রাভো দুজনকেই ফিরিয়ে দেয়ায় আর একাদশ ম্যাচে নবম হার এড়ানো হয়নি তাদের। অলরাউন্ড পারফরম্যান্সের (৩০ রান, ২৪ রানে ৩ উইকেট) স্বীকৃতি হিসেবে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ডোয়াইন ব্রাভো। মুম্বাইয়ের জন্য দুশ্চিন্তার কথা --- আগামী ম্যাচ থেকে আর পাওয়া যাবে না তাকে! অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিতে এ ম্যাচের পরই ওয়েস্টইন্ডিজে ফিরতে হবে তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/এসি/১৫৩৭ ঘ.