ঢাকা, ১৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আবাহনীর জন্য এটাকে অপ্রত্যাশিত বললেও বোধহয় কম বলা হয়। এতোদিন ব্যাটে-বলে ভীষণ ধারাবাহিক বিমান রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এমন ব্যাটিং করলো, যেটা মোহামেডান করেছিল আবাহনীর বিপক্ষে। চরম ব্যাটিং ব্যর্থতা বলতে যা বোঝায় তাই!
এই ম্যাচ জিতলেই যেখানে শিরোপা জয়ের উৎসব করে ফেলা যায়, সেখানে ৩৬.৩ ওভারে মাত্র ১২৫ রানেই শেষ টস হেরে ব্যাটিংয়ে নামা বিমানের ইনিংস। তখনই নিষ্পত্তি হয়ে যাওয়া ম্যাচের আনুষ্ঠানিকতা সারতে মাত্র ২২.৪ ওভার লেগেছে বর্তমান চ্যাম্পিয়নদের। ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যাওয়া আবাহনী পেয়েছে ৭ উইকেটের জয়।
এই জয় দিয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা দ্বিতীয় শিরোপার চৌকাঠে এখন তারা। ২১ মে শেষ ম্যাচে সূর্যতরুণকে হারালেই সেই চৌকাঠ পেরুনো হয়ে যাবে তাদের। একইদিন বিমান মোহামেডানকে হারালেও কোনো লাভ হবে না কারণ রানরেটে তাদের চেয়ে অনেক এগিয়ে আবাহনী। নিয়মানুযায়ী দু'দলের পয়েন্ট সমান হলে প্রথমে 'হেড টু হেড' হিসাব হবে। কিন্তু প্রথম পর্বে আবাহনীকে হারালেও সুপার লিগে এদিন বিমান হেরে যাওয়ায় শিরোপা নিষ্পত্তির জন্য দ্বারস্থ হতে হবে রানরেটের।
প্রতিপক্ষের ধারাবাহিকতা নিয়ে চিন্তায় থাকা আবাহনী শিবির এদিন অন্য এক বিমানকেই দেখেছে। ম্যাচশেষে সে কথাই বললেন আবাহনী কোচ আমিনুল ইসলাম বুলবুল, "ওদের ব্যাটসম্যানরা অনেক বল তাড়া করে করে আউট হয়েছে।" নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথা অকপটে স্বীকার করে নিলেন মাশরাফি বিন মর্তুজাও, "আমরা খুবই বাজে ব্যাটিং করেছি। এতো খারাপ করলে হয় নাকি!"
নাজমুল হোসেনের করা অফস্টাম্পের অনেক বাইরের বল চালিয়ে তামিম ইকবাল (১৮) উইকেটের পেছনে ক্যাচ দেন। তারও আগে অন্য ওপেনার নাসির জামশেদ (১৯) স্লিপে ধরা পড়ে ফিরে যান। ৪০ রানের সূচনার পর নাজমুলই বিমানকে ৬৩ রানে ৪ উইকেট হারানো দলে পরিণত করেন। দিনের শেষে এই পেসারকেই ম্যাচ সেরা হিসেবে বেছে নেওয়ার কারণ সফলতম বোলার বলেই শুধু নয়। রান খরচেও ভীষণ মিতব্যয়ী তিনি : ৮-৩-১৪-৪!
প্রতিপক্ষকে নাজমুল এমন একটা ধাক্কা দেওয়ার পর চেপে ধরে আরেক পেসার তালহা জুবায়ের (২/২৯) এবং দুই বাঁ হাতি স্পিনার মোহাম্মদ রফিক (২/১৫) ও আরাফাত সানি (২/১৯)। রফিকের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে অলক কাপালির দলীয় সর্বোচ্চ ৩৩ রানই বিমানকে একশ' পার করিয়ে নিয়ে যায়।
জবাব দিতে নেমে আবাহনীর দুই ওপেনার সগীর হোসেন পাভেল (৫) ও মাহবুবুল করিমও (১৭) সুবিধা করে উঠতে পারেননি। তবে শাহরিয়ার নাফীস (৩০ বলে ৩৬) ও থিলানা কান্দাম্বির (৪৭ বলে অপরাজিত ৪৮) ঝড়ো ব্যাটিং তাদের অনায়াস জয়ের পথ দেখায়। বাঁ হাতি স্পিনার নাবিল সামাদকে লংঅন দিয়ে টানা দুটো ছক্কা হাঁকানো কান্দাম্বির সাবলীল ব্যাটিং অবশ্য মিরপুরের উইকেটকে রহস্যময় বলে মনে করায়নি একটুও। অথচ এখানেই পরপর দুই ম্যাচে আগে ব্যাট করা দলের শিরোপা স্বপ্ন বিলীন হয়ে গেছে। মোহামেডানের (১৩৩ রান) পর বিমান!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮০০ঘ.
bdnews24