লন্ডন, ১৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগের দিন একটিও উইকেট তিনি পাননি। শুক্রবার লর্ডসে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সেই রায়ান সাইডবটমই জ্বলে উঠলেন দুর্দান্তভাবে। এক পর্যায়ে মাত্র ৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের বাঁহাতি পেসার ২৭৭ রানে শেষ করে দিয়েছেন নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। জবাবে চা-বিরতি পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ২৬ রান।
৬ উইকেটে ২০৮ রান নিয়ে দিন শুরু করা কিউইরা ১৪ রান যোগ করতেই হারিয়ে ফেলে জ্যাকব ওরামকে। প্রথম দিনশেষে ২৩ রানে অপরাজিত থাকা ওরাম ২৮ রান করেই আউট। এই অলরাউন্ডারকে প্রথম স্লিপে অ্যান্ড্রু স্ট্রাউসের ক্যাচ বানানোর মাধ্যমে সাইডবটমের ধ্বংসযজ্ঞের সূচনা। কিউইদের বাকি তিন ব্যাটসম্যানই বোল্ড। একাই লড়াই চালিয়ে যাওয়া নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি আউট হয়েছেন ৪৮ রান করে। কাইল মিলস ও টিম সাউদির অবদান যথাক্রমে ১০ ও ১ রান। অপরাজিত থাকা ক্রিস মার্টিন কোনো রান করতে পারেননি। ৫৫ রানে ৪ উইকেট নেয়া সাইডবটমই ইংলিশদের সেরা বোলার। জেমস অ্যান্ডারসনের শিকার ৩ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২০০ঘ.
bdnews24