ঢাকা, ১৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- একবারের জন্যও এটাকে 'মর্যাদার লড়াই' বলে মনে হয়নি, বরং বড় কোনো দলের সঙ্গে ওরিয়েন্ট স্পোর্টিংয়ের একপেশে ম্যাচ বলেই মনে হয়েছে বেশি! যেখানে বৃহষ্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ওরিয়েন্টের ভূমিকায় দেখা গেল জাতীয় দলের তারকাসমৃদ্ধ মোহামেডানকে। যারা ৪৭.২ ওভারে ১৩৩ রানে অলআউট হওয়ার পর মাত্র ২১.২ ওভারেই ১ উইকেট খুঁইয়ে লক্ষ্যে পৌছে গেল আবাহনী। যে ম্যাচ শেষ হওয়ার কথা বিকেল সাড়ে চারটায়, সেটা তাই শেষ হয়ে গেল দুপুর আড়াইটাতেই। ৯ উইকেটের এই জয় দিয়ে আবাহনী শিরোপার দাবি আরো জোরালোই করলো না শুধু, মোহামেডানকে শিরোপা লড়াই থেকে ছিটকেও দিল। ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে এখনো বিমানই। ২৩ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনে আবাহনী। আর টানা দুই হারে মোহামেডানের সংগ্রহ রয়ে গেছে ২০-ই।
এতো সংক্ষিপ্ত অবাহনী-মোহামেডান ম্যাচ এর আগে কখনো হয়েছে কিনা তা মনে করতে পারলেন না আবাহনী ও জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ লিপুও, "এটা মনে আছে একবার আবাহনী ৩৩ ওভারে ম্যাচ শেষ করে দিয়েছিল। সামারাসেকারা সেবার ঝড়ো ইনিংস খেলেছিল।" আর ম্যাচশেষে চরম বিরক্তি প্রকাশ পাচ্ছিল মোহামেডানের কোচ মিনহাজুল আবেদীন নান্নুর কথায়, "এই দলটা করতে ক্লাব ৭৫ লাখ টাকা খরচ করেছে। অথচ গত সাত ম্যাচে দুইশো রানও দেখতে পারলাম না।" সন্দেহ নেই, তার অভিযোগের আঙ্গুল আন্তর্জাতিক ক্রিকেটের ব্যর্থতাকে এবার ক্লাব ক্রিকেটেও টেনে আনা ব্যাটসম্যানদের দিকেই।
টোয়েন্টি টোয়েন্টি ম্যাচকে হিসেবে ধরে এবছর আবাহনীর সঙ্গে তিনবারের দেখায় প্রতিবারই হার মানা মোহামেডানের ভরাডুবির কারণ এবারো জাতীয় ব্যাটসম্যানরাই। জুনায়েদ ইমরোজ (২), রাকিবুল হাসান (০), মোহাম্মদ আশরাফুল (২৪) ও আফতাব আহমেদ (২৬)- এই চারজনে মিলে করেছেন ৫২ এবং দলের প্রয়োজনের মুহূর্তে উইকেট ছুঁড়ে দিয়ে আসার দোষেও দুষ্ট তারা। তালহা জুবায়েরর (২/৩১) বলে জুনায়েদের লেগসাইডে কট বিহাইন্ড হওয়ার মধ্য দিয়েই শুরু মোহামেডানের বিপর্যয়ের। এরপর আরেক পেসার জিয়াউর রহমান (২/১৭) পরপর দুই বলে পাকিস্তানি ব্যাটসম্যান আকিল আরশাদ (১৩) ও রাকিবুলকে তুলে নিলে ৩১ রানে ৩ উইকেট হারানো দলে পরিণত হয় তারা।
সেখান থেকে ওপেনার আনোয়ার হোসেন (৩৪) ও অধিনায়ক আশরাফুলের ৩৭ রানের পার্টনারশিপে যখন বিপর্যয় সামলানোর স্বপ্ন দেখছে মোহামেডান, তখনই এই জুটি ভাঙ্গেন মোহাম্মদ রফিক (২/১৫)। স্কয়ার কাট করতে গিয়ে পয়েন্টে তুষার ইমরানের ক্যাচ হন আনোয়ার। সাবধানে খেলতে থাকা আশরাফুলেরও হঠাৎ তুলে মারার ইচ্ছে হল। পেসার নাজমুল হোসেনের বল পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিলেন। কোনো চার-ছয় ছাড়া আফতাবের ইনিংসটি শেষ হল রানআউটে।
জবাব দিতে নামা আবাহনী শুরুতেই ওপেনার মাহবুবুল করিমকে (২) হারালেও সগীর হোসেন পাভেল ও শাহরিয়ার নাফীসের ১২৯ রানের অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট পার্টনারশিপ আবাহনীকে দ্রুতই জয়ের তীরে পৌছে দেয়। নাফীস মাত্র ৫৪ বলে ৯ বাউন্ডারি ও এক ছক্কায় ৬২ রান করে অপরাজিত থাকেন। সমানসংখ্যক চার-ছয়ে ৭০ বলে ৬৭ রানই শুধু সগীরের ম্যাচ সেরা হওয়ার কারণ নয়। এর আগে উইকেটের পেছনে চার-চারটি ক্যাচ নেওয়ার কৃতিত্বেরও ভূমিকা আছে এতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৪০ঘ.
bdnews24