মুম্বাই, ১৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বল হাতে তীব্র গতিতে ছুটে আসা শোয়েব আখতারের মুখোমুখি শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটে এই রোমাঞ্চকর দৃশ্য অনেক বার দেখা গেছে। এবার দেখা যাবে আইপিএল-এ। শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানস ও কলকাতা নাইট রাইডার্সের লড়াইয়ের মাঝে টেন্ডুলকার-শোয়েবের লড়াইয়ের রোমাঞ্চও তাই কম নয়।
আইপিএল-এর প্রায় দুই-তৃতীয়াংশ শেষ হলেও এখন পর্যন্ত দুই তারকা মাত্র একটি ম্যাচ খেলারই সুযোগ পেয়েছেন। দুজনের অভিষেক হয়েছে একেবারে বিপরীতমুখী। ৫ বছরের নিষেধাজ্ঞা মাথায় নিয়ে খেলতে নেমে শোয়েব তার অভিষেক ম্যাচে বলতে গেলে একাই জিতিয়ে দিয়েছেন দলকে। মঙ্গলবার দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে মাত্র ১৩৩ রান করেও কলকাতার ২৩ রানের জয়ের সবচেয়ে বড় কারণ শোয়েবের দুর্দান্ত এক স্পেল। ৩ ওভারে ১১ রানের বিনিময়ে ৪ উইকেট --- সেদিন স্বপ্নের মতোই অভিষেক হয়েছিল 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'-এর।
দীর্ঘ প্রতীক্ষা শেষে মাঠে নামা টেন্ডুলকারের অভিষেকটা কিন্তু মোটেও ভালো হয়নি। বুধবার চেন্নাই সুপার কিংসের সঙ্গে মুম্বাই ৯ উইকেটের সহজ জয় পেলেও 'লিটল জিনিয়াস'-এর ব্যাট থেকে মাত্র ১২ রান। নিজের মাঠে টেন্ডুলকারের সামনে তাই সেই ব্যর্থতাকে পেছনে ফেলার সুবর্ণ সুযোগ। তার জন্য এটা একটা বড় চ্যালেঞ্জও। ওয়ানডে ইতিহাসের সফলতম ব্যাটসম্যান, টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক যে সব সময়ই চ্যালেঞ্জের মুখোমুখি হতে পছন্দ করেন তা তো অনেকবারই প্রমাণিত। শুক্রবার কি তিনি আরেকবার তা প্রমাণ করতে পারবেন?
চেন্নাইয়ের সঙ্গে টেন্ডুলকার ব্যর্থ হলেও মুম্বাইয়ের জয় পেতে বিন্দুমাত্র সমস্যা হয়নি জয়াসুরিয়ার জন্য। ৪৮ বলে ১১টি ছক্কাসহ অপরাজিত ১১৪ রান --- পরিসংখ্যানেই পরিষ্কার সেদিন কতটা বিধ্বংসী ছিলেন 'মাতারা হারিকেন'। কলকাতা-মুম্বাই ম্যাচে তাই জয়াসুরিয়ার দিকেও চোখ রাখতে হবে। টেন্ডুলকার-জয়াসুরিয়ার উদ্বোধনী জুটির বিপক্ষে শোয়েব ও ভারতের নতুন পেস 'সেনসেশন' ইশান্ত শর্মা ---- এই লড়াইয়ের আকর্ষণও কম নয়।
এত সব লড়াইয়ে ভীড়ে দু দলের মধ্যে আরেকটা লড়াইও আছে। সেটা সেমিফাইনালে ওঠার লড়াই। ৯ ম্যাচে ৫টি জয় পাওয়ায় কলকাতার পয়েন্ট ১০। অন্যদিকে ৮ ম্যাচ থেকে মুম্বাইয়ের সংগ্রহ ৮ পয়েন্ট। সেমিফাইনালের পথ প্রশস্ত করার জন্য এই ম্যাচে দুই দলই তাই জিততে মরিয়া!
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১১৫ঘ.
bdnews24