মুম্বাই, ১৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এতটা খারাপ সময় হরভজন সিংয়ের জীবনে আগে কখনো আসেনি! শ্রীশান্তকে চড় মারার দায়ে আইপিএল-এ ১১ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আগেই। এবার একই অপরাধে 'ভাজ্জি'কে পাঁচটি ওয়ানডেতে সাসপেন্ড করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। যার অর্থ আগামী মাসে বাংলাদেশে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের পুরোটা এবং জুলাইয়ে এশিয়া কাপের অন্তত প্রথম দুটো ম্যাচ মিস করবেন তিনি।
গত ২৫ এপ্রিল আইপিএল-এ কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে ম্যাচ শেষে শ্রীশান্তকে চড় মেরেছিলেন টেন্ডুলকারের অনুপস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়কত্ব করা হরভজন। চড় মারার ঘটনা দেখা না গেলেও ভারতীয় দলে হরভজনের সতীর্থ শ্রীশান্তের কান্নার দৃশ্য ধরা পড়েছিল টিভি ক্যামেরায়। ঐ ঘটনার তিন দিন পর তাকে ১১ ম্যাচের জন্য সাসপেন্ড করে আইপিএল। বিসিসিআই-ও চুপচাপ বসে থাকেনি। ঘটনাটার সুষ্ঠু তদন্তের জন্য আইনজীবি সুধীর নানাভাতিকে নির্দেশ দেয় তারা। টিভি ফুটেজ দেখে এবং হরভজন ও শ্রীশান্তের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার বিসিসিআই-এর ডিসিপ্লিনারি কমিটির কাছে ১৪ পৃষ্ঠার একটি রিপোর্ট জমা দেন নানাভাতি।
সেই রিপোর্টে হরভজন দোষী প্রমাণিত হওয়ায় বিসিসিআই-এর নীতিমালার ৩.২.১ ধারায় তাকে 'সর্বোচ্চ পাঁচটি ওয়ানডে অথবা/এবং তিনটি টেস্ট ম্যাচে নিষিদ্ধ' করার সিদ্ধান্ত নিয়েছে ডিসিপ্লিনারি কমিটি। এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, "কমিটি হরভজন সিংকে পাঁচটি ওয়ানডেতে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই নিষেধাজ্ঞা শুরু হবে আজ (১৪ মে) থেকে। সেই সঙ্গে ভবিষ্যতে আর কোনো অসদাচরণে জড়িত হলে তাকে আজীবন নিষিদ্ধ করা হবে।"
ন্যক্কারজনক ঘটনাটার জন্ম দেয়ার পর পরই পাঞ্জাব দলের ড্রেসিং রুমে গিয়ে শ্রীশান্তের কাছে ক্ষমা চেয়েছিলেন হরভজন। পরে প্রকাশ্যেও ক্ষমা চান 'টার্বুনেটর' নামে পরিচিত এই অফস্পিনার। সম্ভবত সেজন্যই বিসিসিআই প্রেসিডেন্ট শারদ পাওয়ারকে নিয়ে গড়া তিন সদস্যের ডিসিপ্লিনারি কমিটি আরো বড় শাস্তি দেয়নি তাকে। তাদের দেয়া বিবৃতিতে হরভজনের অনুতপ্ত চেহারাটাও প্রকাশ পেয়েছে, "রিপোর্টের একটা কপি তার (হরভজনের) কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। ঐ ঘটনায় নিজের দোষ স্বীকার করেছে সে। সে শুধু ক্ষমা প্রার্থনাই করেনি, ভবিষ্যতে আর কোনো অসদাচরণ না করারও প্রতিশ্র"তি দিয়েছে কমিটির কাছে।"
মাঠের বাইরে বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়া হরভজনের জন্য অবশ্য নতুন কিছু নয়। এ বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে অ্যান্ড্রু সাইমন্ডসকে বর্ণবাদী গালি দেয়ার অভিযোগে তিন টেস্টের জন্য সাসপেন্ড হয়েছিলেন তিনি। তখন বিসিসিআই ঐ শাস্তির বিরুদ্ধে আপিল করে শাস্তিটা জরিমানায় নামিয়ে এনেছিল। কিন্তু এবার আর তার পাশে দাঁড়ায়নি বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। আর সেজন্যই ফেঁসে যেতে হলো হরভজনকে!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৫০ঘ.
bdnews24