কলকাতা, ১৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাথার ওপরে ঝুলছে পাঁচ বছরের নিষেধাজ্ঞার খড়গ। ওয়াসিম আকরাম সহ বেশ কয়েক জন সাবেক তারকা তার সমালোচনায় মুখর। এমন দুঃসময়ে আইপিএল-এ অভিষেক হলো শোয়েব আখতারের। আর অভিষেকেই বাজিমাত! মঙ্গলবার মাত্র ১৩৩ রান করেও যে কলকাতা নাইট রাইডার্স ২৩ রানে দিল্লী ডেয়ারডেভিলসকে হারিয়ে দিল তার প্রধান কারণ তো শোয়েবের দুর্দান্ত এক স্পেল। ৩ ওভারের যে স্পেলে মাত্র ১১ রানে ৪ উইকেট নিয়ে তিনিই গড়ে দিয়েছেন জয়ের ভিত্তি। সমালোচকদের মুখ বন্ধ করা দুর্দান্ত পারফরম্যান্সের পর 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'-এর কণ্ঠে প্রতিধ্বনিত হলো জয়ের সুতীব্র আকাক্সক্ষা, "আমি শুধু ম্যাচটা জিততে চেয়েছি।"
শোয়েবের করা ইনিংসের দ্বিতীয় বলেই 'ডেঞ্জারম্যান' বীরেন্দর শেবাগ কট বিহাইন্ড। পরের ওভারে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক (৯ ম্যাচে ৩৪৬) গৌতম গম্ভীর ক্যাচ দিলেন ডেভিড হাসিকে। এবং দিল্লীর ইনিংসের পঞ্চম ও শোয়েবের তৃতীয় ওভারে পর পর দুই বলে এবি ডি ভিলিয়ার্স ও মনোজ তিওয়ারিও আউট। শেবাগের দলের প্রথম চার উইকেট তুলে নিয়ে ইডেনের গ্যালারি ভরা দর্শককে মাতিয়ে তোলা শোয়েব জানালেন খেলা শুরু হওয়ার আগে কিছুটা চাপের মধ্যে ছিলেন তিনি।
সেই চাপ থেকে বেরিয়ে আসার জন্য কলকাতার অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও মালিক বলিউড-তারকা শাহরুখ খানের কাছে তিনি ভীষণ কৃতজ্ঞ, "শাহরুখ খান ও সৌরভ গাঙ্গুলীর সঙ্গে একই ড্রেসিং রুমে মিলেমিশে থাকা এক দুর্দান্ত অভিজ্ঞতা। তারা দারুণভাবে সাহায্য করেছেন আমাকে। আর আমিও পারফর্ম করতে পেরে খুব খুশি। তারা আমার ওপরে আস্থা রেখেছেন। সেই আস্থার প্রতিদান দিতে পেরেও আমি আনন্দিত।" নিজের দল এবং ইডেনের প্রতি ভালোবাসাও ফুটে উঠলো তার কণ্ঠে, "কলকাতা আমার নিজের দল। ইডেন গার্ডেন আমার হোম গ্রাউন্ড। আমার কাছে আমার দলই সবচেয়ে গুরুত্বপূর্ণ।"
শোয়েবের এমন দুর্দান্ত পারফরম্যান্সে সৌরভও দারুণ খুশি। ম্যাচশেষে বিশ্বের অন্যতম দ্রুততম বোলারের প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ ছিলেন কলকাতার অধিনায়ক, "সে এই দেশে এসেছে অনেক বিতর্কিত ঘটনাকে পেছনে ফেলে। তবে সে দারুণ চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৪০ঘ.
bdnews24