লন্ডন, ১৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের জানুয়ারিতে, সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর বিশ্বকাপ এবং ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজে খেললেও আর কোনো টেস্ট খেলা হয়নি অ্যান্ড্রু ফ্লিনটফের। কারণ ইনজুরি। তবে খেলোয়াড়দের সবচেয়ে বড় শত্র"কে হারিয়ে টেস্ট অঙ্গনে প্রত্যাবর্তনটা প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন তিনি। আবারো ইনজুরি তা হতে দেয়নি। সাইড স্ট্রেইনের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন টেস্ট সিরিজের প্রথম দুটিতে খেলার কোনো সম্ভাবনা নেই ইংলিশদের প্রিয় 'ফ্রেডি'র। সেজন্য আর সব ইংলিশের মতো ইংল্যান্ডের কোচ পিটার মুরসও ব্যথিত। দুঃখ ভরা কণ্ঠেই তিনি জানালেন আবার ইনজুরিতে না পড়লে বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের দলে থাকতে পারতেন ফ্লিনটফ।
বাঁ অ্যাঙ্কেলের ইনজুরি কম ভোগায়নি তাকে। সেই ইনজুরি থেকে সেরে ওঠার জন্য চার-চার বার অস্ত্রোপচারও করাতে হয়েছে! গত সেপ্টেম্বরে ভারতের সঙ্গে সর্বশেষ ওয়ানডে খেলা ফ্লিনটফ প্রায় ৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছিলেন। ইংলিশ কাউন্টি ক্রিকেট ল্যাঙ্কাশায়ারের হয়ে দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে ইঙ্গিত দিচ্ছিলেন ফর্মে থাকার। কিন্তু সব আশায় জল ঢেলে দিল সর্বশেষ ইনজুরি।
লর্ডসে এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় এই সময়ের অন্যতম সেরা অলরাউন্ডারকে পেয়েও-না-পাওয়ার বেদনা তাই লুকিয়ে রাখতে পারেননি মুরস। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তিনি জানালেন, "ফিট থাকলে সে (ফ্লিনটফ) দলে থাকতে পারতো। তাহলে শুরুতেই তার সম্পর্কে যাচাই করার একটা সুযোগ মিলতো আমাদের। টেস্ট ম্যাচে খেলার মতো সে ফিট কি না সেই সিদ্ধান্ত হয়তো আমাদের নিতে হতো। তবে আমরা তো তাকে দলে রাখতে পারতাম।"
এ মৌসুমে কাউন্টিতে ব্যাটসম্যান হিসাবে তেমন সুবিধা করতে না পারলেও বল হাতে বেশ কয়েক বারই জ্বলে উঠেছেন তিনি। পুরো ফিটনেস ফিরে পাওয়ার পর দুর্দান্ত গতির বোলিংয়ের কারণে ফ্লিনটফ যে দলে 'অটোমেটিক চয়েস' হিসাবে বিবেচিত হবেন, সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন মুরস, "ঘন্টায় ৯০ মাইল (১৪৫ কিলোমিটার) গতিতে বল করা বোলারকে প্রত্যেকেই পছন্দ করে। তারাই তো ব্যতিক্রমী বোলার। খুব দ্রুতগতিতে বল করার সুবিধাই শুধু ফ্রেডের (ফ্লিনটফের) নেই, স্বভাবসুলভ গতি ও লেন্থের মাধ্যমে নিখুঁত জায়গায় বল ফেলতেও সে দক্ষ। এ ধরনের প্রাপ্তি দারুণ ব্যাপার। কারণ ঘন্টায় ৯০ মাইল গতির বলের মুখোমুখি হতে পছন্দ করে এমন কাউকেই আমি চিনি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭০৬ঘ.
bdnews24