ঢাকা, ১৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জুনে নির্ধারিত ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পনসর কারা? নির্দিষ্ট করে এটা মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওয়ার্কিং কমিটির সভাতেও জানাতে পারেনি কমার্শিয়াল কমিটি। সভা থেকে বেরিয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি বললেন, "দুটো প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান বলেছেন দুয়েকদিনের মধ্যে চূড়ান্ত কিছু জানাতে পারবেন।"
তবে ইএসএস (ইএসপিএন-স্টার স্পোর্টস) সমান দর না দিলে দরপত্রের দুই ও তিন নাম্বার প্যাকেজ পাওয়া নিশ্চিত ইনডাস (দুই নাম্বার প্যাকেজ, ৩ লাখ ২৪ হাজার ডলার) এবং বটমলাইনের (তিন নাম্বার প্যাকেজ, ৯৫ হাজার ডলার)। পাঁচ বছর আগে টিভিএস কাপের সময হওয়া চুক্তি অনুযায়ী এই ত্রিদেশীয় সিরিজের সর্বোচ্চ দর ইএসএসকে জানাতে হবে। এবং তারা সমপরিমাণ অর্থ দিতে রাজী হলে স্পনসরশিপ স্বত্ত্ব পেয়ে যাবে ইএসএসই।
আর নিম্বাসের সঙ্গে ছয় বছরের মিডিয়া মার্কেটিং চুক্তি অনুযায়ী কোনো ম্যাচের এক বল হলেই পুরো টাকা পেয়ে যাবে বিসিবি। কিন্তু কোনো বল না হলে টাকা পাবে না। জুন মাসে বৃষ্টির উপদ্রবে এধরনের আশঙ্কা থেকেই যায়। একারণেই বিসিবি আগামী মাসের সিরিজটা বীমা করানোর সিদ্ধান্ত নেয়। এদিন ওয়ার্কিং কমিটির সভায়ও গুরুত্ব পেয়েছে বিষয়টা। কিন্তু স্পনসরশিপের ফয়সালা না হওয়ায় বীমার বিষয়টা ঝুলে আছে বলেই জানিয়েছেন ববি, "কয়েকটা বীমা প্রতিষ্ঠান আমাদের প্রস্তাব দিয়েছে। এদের মধ্যে যাদের প্রিমিয়াম সবচেয়ে কম হবে তাদের দিয়েই আমরা বীমাটা করাবো। আর বীমাটা হবে এই ত্রিদেশীয় সিরিজের মোট মূল্যের ওপর। কিন্তু সেটা তো আমরা এখনো জানি না। টাইটেল স্পনসরশিপ ঠিক হয়ে গেলেই তখন সিরিজের মোট মূল্যটা জানা যাবে।"
এছাড়া এদিনের ওয়ার্কিং কমিটির সভায় ত্রিদেশীয় সিরিজের টিকেটের মূল্য ঠিক হয়েছে। সর্বনিু টিকেটের দাম এবার ১০০টাকা, যা গত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চেয়ে ৩০ টাকা বেশি। ঐ সিরিজে সর্বনিু টিকেট ছিল ৭০টাকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৪৫ঘ.
bdnews24