২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শন মার্শের ঝড়ো ব্যাটিংয়ে পাঞ্জাবের সহজ জয়

১৪৪ রান টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে তেমন কঠিন কোনো লক্ষ্য নয়। শন মার্শের ঝড়ো ব্যাটিংয়ে সেই লক্ষ্যটা আরো সহজ হয়ে গেলো পাঞ্জাব কিংস ইলেভেনের জন্য। সোমবার আইপিএল-এ ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৬ বল হাতে রেখে ৯ উইকেটের জয় দিয়ে সেমিফাইনালে ওঠার আশাও ভালো মতো টিকিয়ে রাখলো পাঞ্জাব। নবম ম্যাচে যুবরাজ সিংয়ের দলের এটা ষষ্ঠ জয়। অন্যদিকে সমান ম্যাচে সপ্তম পরাজয়ে রাহুল দ্রাবিড়ের দলের শেষ চারে ওঠার আশা শেষই বলা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 05:49 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

মোহালি, চন্ডীগড়, ১২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৪৪ রান টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে তেমন কঠিন কোনো লক্ষ্য নয়। শন মার্শের ঝড়ো ব্যাটিংয়ে সেই লক্ষ্যটা আরো সহজ হয়ে গেলো পাঞ্জাব কিংস ইলেভেনের জন্য। সোমবার আইপিএল-এ ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৬ বল হাতে রেখে ৯ উইকেটের জয় দিয়ে সেমিফাইনালে ওঠার আশাও ভালো মতো টিকিয়ে রাখলো পাঞ্জাব। নবম ম্যাচে যুবরাজ সিংয়ের দলের এটা ষষ্ঠ জয়। অন্যদিকে সমান ম্যাচে সপ্তম পরাজয়ে রাহুল দ্রাবিড়ের দলের শেষ চারে ওঠার আশা শেষই বলা যায়। জেমস হোপসের সঙ্গে ৪২ রানের উদ্বোধনী জুটি গড়ে মার্শই গড়ে দিয়েছেন দলের জয়ের ভিত্তি। হোপস ২৭ রান করে বিনয়কুমারের বলে ডেল স্টেইনের হাতে ক্যাচ দেয়ার পর লুক পমার্সবাককে নিয়ে ৯.২ ওভারে ১০২ রানের দুর্দান্ত এক জুটি গড়েছেন মার্শ। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার জিওফ মার্শ তনয় শনের ৫১ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংসটা গড়ে উঠেছে দুই ছক্কা ও ৯ বাউন্ডারিতে। অন্যদিকে ৩টি চার ও দুটো ছক্কায় ২৪ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন পমার্সবাক। এর আগে টস জিতে ব্যাট করতে নামা ব্যাঙ্গালোর দলীয় ৪ রানে অরুনকুমারকে হারালেও মিসবাহ ও বিরাট কোহলির দৃঢ়তায় ভালোভাবেই সামনে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ৮ বলে তিন বাউন্ডারি ও এক ছক্কায় ২১ রান করা মিসবাহ শ্রীশান্তের বলে হিট উইকেট হয়ে গেলে তাদের রানের গতি স্তিমিত হয়ে যায় অনেকখানি। মিসবাহর বিদায়ের পর কোহলিও বেশিক্ষণ টিকতে পারেননি, ২১ রান করে বোল্ড হয়ে গেছেন পীযূষ চাওলার বলে। চার নম্বরে নামা ক্যামেরন হোয়াইটও (১০) রিটার্ন ক্যাচ দিয়েছেন চাওলাকে। ৭৪ রানে ৪ উইকেট হারানোর পর মার্ক বাউচারকে নিয়ে দ্রাবিড় বড় একটা সংগ্রহের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন দলকে। তবে ২৭ বলে ২৯ রান করা দ্রাবিড়কে বোল্ড করে সেই চেষ্টা সফল হতে দেননি ইরফান পাঠান। তারপরও শেষ ওভারে রান আউট হওয়া বাউচারের ৩১ বলে ৩৯ রানের জন্যই ৮ উইকেটে ১৪৩ রান করতে পেরেছে ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্স। ২৯ রানে ৩ উইকেট নেয়া শ্রীশান্ত পাঞ্জাবের সেরা বোলার। ৩৩ রানের বিনিময়ে চাওলার শিকার ২ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২৩৩৯ঘ.