২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সৌরভময়' এক ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের জয়

শুরুটা টস জয় দিয়ে। তারপর ৫৭ বলে ৯১ রানের এক ঝড়ো ইনিংস। এবং সবশেষে ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ২ উইকেট। সেই সঙ্গে সুদক্ষ হাতে দল পরিচালনা তো আছেই। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাটসম্যান-বোলার-অধিনায়ক সব ভূমিকাতেই ঔজ্জ্বল্য ছড়ালেন সৌরভ গাঙ্গুলী। সুবাদে তার দলই বিজয়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2008, 04:43 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

হায়দ্রাবাদ, ১১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুরুটা টস জয় দিয়ে। তারপর ৫৭ বলে ৯১ রানের এক ঝড়ো ইনিংস। এবং সবশেষে ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ২ উইকেট। সেই সঙ্গে সুদক্ষ হাতে দল পরিচালনা তো আছেই। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাটসম্যান-বোলার-অধিনায়ক সব ভূমিকাতেই ঔজ্জ্বল্য ছড়ালেন সৌরভ গাঙ্গুলী। সুবাদে তার দলই বিজয়ী। রোববার আইপিএল-এ ডেকান চার্জার্সের বিপক্ষে 'সৌরভময়' ম্যাচটি ২৩ রানে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। অষ্টম ম্যাচে কলকাতার এটা চতুর্থ জয়। অন্যদিকে নবম ম্যাচে সপ্তম পরাজয়ে পয়েন্ট টেবিলে ডেকানের অবস্থান এখন সবার নীচে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া কলকাতা নাইট রাইডার্সের শুরুটা কিন্তু মোটেও ভালো হয়নি। চামিন্ডা ভাসের করা ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই সালমান বাট (৪) কট বিহাইন্ড। তবে অন্য ওপেনার আকাশ চোপড়ার সঙ্গে ৬৯ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা ভালো মতোই সামাল দিয়েছেন সৌরভ। ২৩ বলে ২৪ রান করে চোপড়া রান আউট হওয়ার পর কলকাতার সেরা জুটিটার জন্ম। সৌরভ-ডেভিড হাসির এই জুটিতে মাত্র ৮ ওভারে ১০২ রান পেয়েছে তারা। প্রতিপক্ষ বোলারদের দিশেহারা করে দু জনেই ঝড় তুলেছেন ব্যাটে। ৪০ বলে ফিফটিতে পৌঁছানোর পর আরো উন্মত্ত হয়ে ওঠেন সৌরভ। ফিফটির আগে একটি ছক্কাও মারতে পারেননি কলকাতার অধিনায়ক। কিন্তু তার পরে মেরেছেন ৫টি! তার সঙ্গে ১১টি বাউন্ডারির যোগফলে ৫৭ বলে ৯১ রান করে আউট হয়েছেন 'প্রিন্স অব কলকাতা'। তবে হাসি আউট হননি। মাত্র ২৪ বলে ফিফটিতে পৌঁছানো এই অস্ট্রেলীয় ব্যাটসম্যানের ২৯ বলে অপরাজিত ৫৭ রানের আক্রমণাত্মক ইনিংসটা গড়ে উঠেছে তিন ছক্কা ও চার বাউন্ডারিতে। সৌরভ-হাসির ঝড়ো ব্যাটিংয়ের সুবাদেই শেষ ১০ ওভারে ১৩১ ও শেষ ৫ ওভারে ৮৬ রান যোগ করে ৪ উইকেটে ২০৪ রানের বড় সংগ্রহ গড়ে কলকাতা নাইট রাইডার্স। ওভার প্রতি ১০ রানের বেশি লক্ষ্য ধাওয়া করতে নামা ডেকান চার্জার্স শুরু থেকেই পিছিয়ে পড়তে থাকে আস্কিং রানরেট থেকে। কৃতিত্ব দিতে হবে নাইট রাইডার্সের বোলার অশোক দিন্দাকে। প্রতিপক্ষের দুই আক্রমণাত্মক ব্যাটসম্যান গিলক্রিস্ট (২৪) ও গিবস (৪) এবং টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলা রোহিত শর্মাকে (৩৩) ফিরিয়ে দিয়ে তিনিই জয়ের পথে এগিয়ে দিয়েছেন দলকে। সৌরভও স্টাইরিস (৫) ও বাঙ্গারের (২) উইকেট দুটো তুলে নিয়ে ডেকানের রানের গতি শ্লথ করে দিয়েছেন অনেকখানি। বেনুগোপাল রাও অবশ্য চেষ্টা করেছিলেন। কিন্তু ৬টি ছক্কা ও ৪টি বাউন্ডারিতে তার ৪২ রানে অপরাজিত ৭১ রানের ইনিংসটা ডেকান চার্জার্সকে ৭ উইকেটে ১৮১ রানের বেশি এনে দিতে পারেনি। বলাই বাহুল্য, দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের জন্য সৌরভই ম্যান অব দ্য ম্যাচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৫০ঘ.