ঢাকা, ৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- 'বোলারদের সাফল্য বিফলে গেল ব্যাটিং ব্যর্থতায়'- ক্রিকেটমনস্ক পাঠকদের কাছে এই শিরোনামটা খুবই পরিচিত। বাংলাদেশ জাতীয় দলের ক্ষেত্রে বহু ব্যবহারে জীর্ণ এই শিরোনামটাই এবার হয়ে উঠেছে মহিলা ক্রিকেট দলেরও পারফরম্যান্সের সারমর্ম। বৃহষ্পতিবার রঙ্গিরি ডাম্বুলায় মহিলা এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে অল্পতে বেঁধে ফেলেও জিততে পারেনি সালমা খাতুনের নেতৃত্বাধীন দলটি। প্রতিপক্ষকে মাত্র ১১০ রানে গুটিয়ে দিয়ে নিজেরাই অলআউট হয়ে গেছে ৭২ রানে। প্রথম পর্বে পাকিস্তানকে ৪ উইকেটে হারালেও এবার হতাশাজনক ব্যাটিংয়ে মানতে হয়েছে ৩৮ রানের হার।
অথচ বোলিংটা কী দুর্দান্তই না হয়েছিল! নতুন বলের বোলার পান্না ঘোষ মাত্র ১৮ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। সমানসংখ্যক শিকার অফস্পিনার তিথি রাণী সরকারেরও। তবে এজন্য তার ব্যয় ২৯ রান। পুরো টুর্নামেন্টে ব্যাটে-বলে সমান উজ্জ্বল অধিনায়ক সালমা বোলিংয়ে হতাশ করেননি এ ম্যাচেও। এই অফস্পিনার ৮ রানে নিয়েছেন দুটো উইকেট। সহ-অধিনায়ক সাথীরা জাকের জেসি ২৯ রানে নিয়েছেন এক উইকেট। বোলিংয়ে এমন সম্মিলিত পারফরম্যান্সে ৪৪.৪ ওভারেই অলআউট হয়ে যায় পাকিস্তান।
তবে পাকিস্তানের জাভেরিয়া একাই শেষ করে দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং। মাত্র ৮ রান খরচায় তার শিকার ছয় ছয়জন বাংলাদেশী ব্যাটসওম্যান। মমতাজ ১৯ রানে পেয়েছেন তিন উইকেট। মাত্র ৩৩.১ ওভারেই অলআউট হয়ে যাওয়া বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেছেন ওপেনার জেসি। এছাড়া দুই অঙ্কে পৌছাতে পেরেছেন আয়েশা আক্তার (১২) ও শামীমা আক্তার (১১)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৭৫০ঘ.
bdnews24