দিল্লী, ৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা চার ম্যাচ জিতে আইপিএল-এ দুরন্ত গতিতে এগিয়ে চলা চেন্নাই সুপার কিংসের রাশ টেনে ধরেছিল দিল্লী ডেয়ারডেভিলস। গত শুক্রবার দিল্লীর কাছে হেরে যাওয়ার পর আরো দুটো ম্যাচে পরাজয় মহেন্দ্র ধোনির দলকে ফেলে দিয়েছিল চাপের মধ্যে। তবে সেই দিল্লীকে হারিয়েই প্রতিশোধ নেয়ার সঙ্গে সঙ্গে জয়ের ধারায় ফিরলো চেন্নাই। বৃহস্পতিবার দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে অনুষ্ঠিত রান-বন্যার এক নাটকীয় ম্যাচে শেষ বলে ৪ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে তারা। অষ্টম ম্যাচে চেন্নাইয়ের এটা পঞ্চম জয়। অন্যদিকে সপ্তম ম্যাচে দিল্লীর তৃতীয় হার।
১৮৮ রানের কঠিন লক্ষ্যে ব্যাট করতে নামা চেন্নাইয়ের কোনো ব্যাটসম্যান ফিফটি না পেলেও কখনোই পথভ্রষ্ট হয়নি তাদের ইনিংস। দু ওপেনার বিদ্যুৎ (২৩ বলে ৪০) ও সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ফ্লেমিং (২৮ বলে ৪৪) প্রথম ৬ ওভারে ৬০ রান এনে দেন দলকে। এই দুজন ফিরে যাওয়ার পর দায়িত্ব তুলে নেন অধিনায়ক ধোনি (৩৩ বলে ৩৩) ও অ্যালবি মরকেল (১৫ বলে ৩টি ছক্কাসহ ৩০)। দিল্লীর অধিনায়ক শেবাগের করা ইনিংসের চতুর্দশ ওভারে তিনটি ছক্কাসহ ২৩ রান তুলে নিয়ে মূলত মরকেলই দলকে রাখেন জয়ের পথে। তবে পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচটির ভাগ্য নির্ধারিত হয়েছে একেবারে শেষ বলে। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৫ রান। শোয়েব মালিকের করা প্রথম বলেই ছক্কা মেরে দেন মানপ্রিত গোনি। পরের বলটা হয় ওয়াইড। তার পরের বলে বাউন্ডারি মেরে গোনি প্রয়োজনটাকে নামিয়ে আনেন ৪ রানে। কিন্তু পরের তিন বলে তিন রান হওয়ায় শেষ বলে দরকার হয় এক রানের। বদ্রিনাথের তুলে মারা বল ডিপ মিডউইকেটে প্রায় ধরেই ফেলেছিলেন শিখর ধাওয়ান। তবে বলটা হাতে জমাতে না পারায় জয়োল্লাসে মেতে ওঠে চেন্নাই সুপার কিংস।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা দিল্লী ডেয়ারডেভিলসের ৫ উইকেটে ১৮৭ রানের বড় সংগ্রহ গড়ে ওঠে ওপেনার গৌতম গম্ভীর ও ধাওয়ানের দুটো ঝড়ো ফিফটির সুবাদে। বিশেষ করে গম্ভীর আক্রমণাত্মক ব্যাটিংয়ের এক দুর্দান্ত প্রদর্শনীর মাধ্যমে একেবারে সাধারণ স্তরে নামিয়ে আনেন প্রতিপক্ষ বোলারদের। তার ৮০ রানের ইনিংসটা গড়ে উঠেছে মাত্র ৪৯ বলে, ১১টি বাউন্ডারি ও এক ছক্কায়। এতটা আক্রমণাত্মক না হলেও ধাওয়ানের ব্যাট থেকে এসেছে ৪৬ বলে ৫৯ রানের (৬টি চার ও দুটি ছক্কা) আরেকটি দারুণ ইনিংস। ১২.৪ ওভারে গড়ে ওঠা দুজনের ১২১ রানের জুটিই দিল্লীর বড় সংগ্রহের ভিত্তি। যদিও শেষ পর্যন্ত তাতে কোনো লাভ হয়নি। গম্ভীর-ধাওয়ান ছাড়া স্বাগতিকদের এক জন ব্যাটসম্যানই দুই অংকের ঘরে পৌঁছাতে পেরেছেন --- শেবাগ (১৮ বলে ২৩)। দুটো করে উইকেট নিয়েছেন মরকেল ও বালাজি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৩০ঘ.
bdnews24