২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাট তৈরির নিয়মে পরিবর্তন এনেছে এমসিসি

ক্রিকেটে ব্যাটসম্যানদের একতরফা বাহাদুরির দিন বুঝি শেষ হতে চললো। ব্যাট-বলের লড়াইটাকে আবার জমাতে ব্যাট তৈরির নিয়মে পরিবর্তন এনেছে ক্রিকেট আইনের অভিভাবক মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। বুধবার লর্ডসে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এমসিসি'র ৯৮.৬ ভাগ সদস্য ক্রিকেটের ৬ নাম্বার আইন সংশোধনের পক্ষে মত দিয়েছেন। ফলে ব্যাটের হ্যান্ডেল শুধু কাঠ আর পাকানো সুতোয় তৈরি নিশ্চিত করার পথে আর কোনো বাধা রইলো না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 11:39 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

লন্ডন, ৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিকেটে ব্যাটসম্যানদের একতরফা বাহাদুরির দিন বুঝি শেষ হতে চললো। ব্যাট-বলের লড়াইটাকে আবার জমাতে ব্যাট তৈরির নিয়মে পরিবর্তন এনেছে ক্রিকেট আইনের অভিভাবক মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। বুধবার লর্ডসে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এমসিসি'র ৯৮.৬ ভাগ সদস্য ক্রিকেটের ৬ নাম্বার আইন সংশোধনের পক্ষে মত দিয়েছেন। ফলে ব্যাটের হ্যান্ডেল শুধু কাঠ আর পাকানো সুতোয় তৈরি নিশ্চিত করার পথে আর কোনো বাধা রইলো না। ক্রিকেট ব্যাটের ব্যবহার নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়েছিল এমসিসি। ব্যাট এবং ব্যাটের হাতল তৈরিতে ব্যাটসম্যানদের বাড়তি সুবিধা দেয়ার মতো উপাদানের ব্যবহারই চিন্তার প্রধান কারণ। সমস্যার শুরু বছর দুয়েক আগে। ২০০৬ সালে গ্র্যাফাইটের আস্তরণ দেয়া ব্যাট ব্যবহার করে হৈ-চৈ ফেলে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। কুকাবুরার তৈরি করা ওই ব্যাটের ব্যবহার নিয়ে কম জলঘোলা হয়নি তখন। তারপর থেকে অবশ্য পন্টিং আর আন্তর্জাতিক ক্রিকেটে গ্র্যাফাইটের আস্তরণ দেয়া ব্যাট ব্যবহার করেননি। তবে ওই ধরনের ব্যাট ছাড়াও হালের অনেক ব্যাটই ব্যাটসম্যানদের বাড়তি সুবিধা দেয়। লর্ডসে এমসিসি'র ক্রিকেট প্রধান জন স্টিফেনসনও সেদিকে ইঙ্গিত করে বোলার-ব্যাটসম্যানের প্রতি নিরপেক্ষতা নিশ্চিত করার পক্ষে যুক্তি দেখালেন, "গত শতকে পিচ, বল এবং সীমানারেখার মতো বিষয়গুলোতে যেখানে সামান্য পরিবর্তন এসেছে সেখানে ব্যাটে এত পরিবর্তন যে এখন মিস-হিটগুলোতেও মাঝে মাঝে ছক্কা হতে দেখা যায়। এমসিসি আশা করছে, ব্যাটগুলো প্রথাগত উপায়ে তৈরি করা হবে এটা নিশ্চিত করার মাধ্যমে খেলায় ভারসাম্যটা রক্ষা করা যাবে।" ব্যাট তৈরির আইনে পরিবর্তন আনতে এমসিসি সদস্যদের দুই-তৃতীয়াংশেরও বেশি ভোটের দরকার ছিল। তা অনায়াসে পেয়ে যাওয়ায় কী পরিবর্তন আসছে আইনে? এমসিসির এক মুখপাত্র জানালেন, "ব্যাটের হ্যান্ডেলের অন্তত শতকরা ৯০ ভাগ বেত, কাঠ এবং পাকানো সুতার তৈরি হতে হবে। বাকি ১০ ভাগ কম্পন কমানোর উদ্দেশে অন্য কোনো উপাদান, যেমন রাবারেরও তৈরি হতে পারে।" পরিবর্তিত আইনে হ্যান্ডেলের আয়তন অপরিবর্তিত রাখার ওপরও জোর দেয়া হয়েছে বলে জানান তিনি, "এতে (আইনে) বলা হয়েছে পাকানো সুতাসহ হ্যান্ডেল কখনো ব্যাটের মোট দৈর্ঘ্যরে ৫২ শতাংশের চেয়ে বড় হতে পারবে না। ব্যাটের ক্ষতি এড়ানো বা মেরামতের জন্য ব্যবহৃত উপাদানের ঘনত্বও নির্দিষ্ট করা হয়েছে।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/১৭৩০ঘ.