২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্থান রয়েলসকে উড়িয়ে দিয়ে মুম্বাই ইন্ডিয়ানসের সহজ জয়

আইপিএল-এ তাদের টানা ব্যর্থতা এখন আরো দূরের অতীত। চারটি হারের পর বুধবার মুম্বাই ইন্ডিয়ানস যে টুর্নামেন্টে তাদের টানা তৃতীয় জয় পেতে চলেছে তা শেন ওয়ার্নের রাজস্থান রয়েলসকে মাত্র ১০৩ রানে অলআউট করে দেয়ার পরই মোটামুটি নিশ্চিত হয়ে যায়। বাকি কাজটুকু সহজেই সেরেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 05:46 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

মুম্বাই, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিএল-এ তাদের টানা ব্যর্থতা এখন আরো দূরের অতীত। চারটি হারের পর বুধবার মুম্বাই ইন্ডিয়ানস যে টুর্নামেন্টে তাদের টানা তৃতীয় জয় পেতে চলেছে তা শেন ওয়ার্নের রাজস্থান রয়েলসকে মাত্র ১০৩ রানে অলআউট করে দেয়ার পরই মোটামুটি নিশ্চিত হয়ে যায়। বাকি কাজটুকু সহজেই সেরেছে তারা। রবিন উথাপ্পা (৩৪*), যোগেশ টাকাওয়ালে (২৭), জয়াসুরিয়াদের (১৮) দায়িতশীল ব্যাটিংয়ের সুবাদে ২৯ বল বাকি থাকতেই ৭ উইকেটে জিতে গেছে শচীন টেন্ডুলকারবিহীন মুম্বাই ইন্ডিয়ানস। নিজেদের প্রথম ম্যাচের পর হারতেই ভুলে যাওয়ায় ছয় ম্যাচে ৫টি জয় নিয়ে এ ম্যাচ শুরু করে রাজস্থান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি। শন পোলক গ্রায়েম স্মিথকে আর আশীষ নেহরা ইউসুফ পাঠানকে ফিরিয়ে দেয়ায় ২১ রানে ২ উইকেট হারায় তারা। তারপরও স্বপ্নীল আসনোদকার (৩৯) আর শেন ওয়াটসনের (৩২) ৫.৪ ওভারে ৫৩ রানের তৃতীয় উইকেট জুটি বেশ ভালো স্কোরেরই আশা জাগিয়েছিল। কিন্তু ৭৪ রানে ডোয়াইন ব্রাভো যেই ওয়াটসনকে বোল্ড করলেন, অমনি ম্যাচের নিয়ন্ত্রণ আবার চলে গেল মুম্বাইয়ের বোলার-ফিল্ডারদের হাতে। আশীষ নেহরা (৩/১৩), ব্রাভো (২/১২), কুলকার্নি (২/২১), রাজে (২/১৯) আর পোলকের (১/১৯) বোলিংয়ে মাত্র ৩৫ রানেই বাকি ৭ উইকেট হারায় রাজস্থান রয়েলস। গ্রায়েম স্মিথ (৫),ইউসুফ পাঠান (১), কাইফ (৪), ওয়ার্ন (৭), সোহেল তানভিরসহ (৬) দলের ৯জনই দু অঙ্কে পৌঁছতে ব্যর্থ হওয়ায় ২২ বল বাকি থাকতেই ১০৩ রানে গুটিয়ে যায় তারা। রাজস্থান রয়েলস একাদশ : গ্রায়েম স্মিথ, স্বপ্নীল আসনোদকার, ইউসুফ পাঠান, শেন ওয়াটসন, মোহাম্মদ কাইফ, রবীন্দ্র জাদেজা, শেন ওয়ার্ন, মহেশ রাওয়াত, সোহেল তানভির, সিদ্ধার্থ ত্রিবেদী, মুনাফ প্যাটেল। মুম্বাই ইন্ডিয়ানস একাদশ : যোগেশ টাকাওয়ালে, সনাৎ জয়াসুরিয়া, ডমিনিক থর্নলি, রবিন উথাপ্পা, ডোয়াইন ব্রাভো, অভিষেক নায়ার, শন পোলক, সৌরভ তিওয়ারি, রোহান রাজে, আশীষ নেহরা, ধাওয়াল কুলকার্নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২৩৩৬ ঘ.