লাহোর, ৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শোয়েব আখতারকে নিয়ে পিসিবির পরস্পরবিরোধী সিদ্ধান্তে ওয়াসিম আকরাম বেশ ক্ষুব্ধ। 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'কে পাঁচ বছরের জন্য সাসপেন্ড করা, বিশেষ ট্রাইবুনালে সেই শাস্তি বহাল থাকা, আবার এক মাসের জন্য শাস্তির আদেশ স্থগিত রেখে তাকে আইপিএল-এ খেলার অনুমতি দেয়া --- গত কয়েক দিনে শোয়েবকে কম বিপরীতমুখী অভিজ্ঞতার সামনে পড়তে হয়নি। সেজন্য ক্ষুব্ধ আকরাম পিসিবির কড়া সমালোচনা তো করেছেনই, সেই সঙ্গে শোয়েবকে নিয়ে ব্যঙ্গ করতেও ছাড়েননি।
"পিসিবির পন্থাটা খুবই হাস্যকর"--- শোয়েব ইস্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এভাবে আসামীর কাঠগড়ায় দাঁড় করানোর কারণটা সরাসরিই উল্লেখ করেছেন আকরাম, "গত সপ্তাহে ট্রাইবুনাল শোয়েবের ৫ বছরের নিষেধাজ্ঞা বহাল রাখার পরও পিসিবি ৩০ দিনের জন্য শাস্তিটা স্থগিত করে তাকে আইপিএল-এ খেলার অনুমতি দিলো।" পরস্পরবিরোধী সিদ্ধান্তের জন্য পিসিবির সমালোচনা করতে গিয়ে পিসিবি চেয়ারম্যান ড. নাসিম আশরাফকেও এক হাত নিতে ছাড়েননি। শোয়েবের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা প্রত্যাহার করায় পিসিবি ও নাসিমের উদ্দেশ্যে অনেকের মতে সর্বকালের সেরা বাঁহাতি পেসার আকরামের মন্তব্য, "প্রথমে আপনারা তাকে সাসপেন্ড করলেন, আবার তাকে সুবিধা দেয়ার উদ্দেশে সে আদেশ স্থগিত করলেন। তারপর নাসিমসাব (নাসিম আশরাফ) ও শোয়েব টিভিতে মুখোমুখি হলেন। সেখানে এক রাজনীতিবিদ ব্যাপারটা সমাধানের লক্ষ্যে মধ্যস্থতা করলেন। সবশেষে নাসিমসাব তার মামলা প্রত্যাহার করে নিলেন!"
সব মিলিয়ে গত কয়েক দিনে পাকিস্তানে শোয়েব ইস্যুতে যা হয়েছে তাতে হাস্যকর উপাদানই বেশি খুঁজে পেয়েছেন, তাই তো পুরো ঘটনাকে বলিউডের কমেডি-ছবির কাহিনী আর শোয়েবকে রাজনীতিবিদদের সঙ্গে তুলনা করেছেন ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটের মালিক আকরাম, "আমার মনে হয় এসব ঘটনা নিয়ে বলিউডের এক জন ভালো চলচ্চিত্র পরিচালক একটি সফল কমেডিছবি বানাতে পারবেন। আর শোয়েবের তো আসলে রাজনীতিতেই যোগ দেয়া উচিৎ। ও সত্যিই সেখানে খুব ভালো করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসি/১৯০২ ঘ.
bdnews24