২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেকান চার্জার্সের দ্বিতীয় জয়

টানা চার ম্যাচ জিতে দুরন্ত গতিতে ছুটে চলা চেন্নাই সুপার কিংস হঠাৎই পথভ্রষ্ট। আগের দুই ম্যাচে দিল্লী ডেয়ারডেভিলস ও রাজস্থান রয়্যালসের কাছে হেরে যাওয়া মহেন্দ্র সিং ধোনির দল এবার হার মানলো ডেকান চার্জার্সের কাছে। মঙ্গলবার আইপিএল-এ তাদের ৭ উইকেটে হারিয়ে সপ্তম ম্যাচে মাত্র দ্বিতীয় জয় পেয়েছে ডেকান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2008, 05:55 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

চেন্নাই, ৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা চার ম্যাচ জিতে দুরন্ত গতিতে ছুটে চলা চেন্নাই সুপার কিংস হঠাৎই পথভ্রষ্ট। আগের দুই ম্যাচে দিল্লী ডেয়ারডেভিলস ও রাজস্থান রয়্যালসের কাছে হেরে যাওয়া মহেন্দ্র সিং ধোনির দল এবার হার মানলো ডেকান চার্জার্সের কাছে। মঙ্গলবার আইপিএল-এ তাদের ৭ উইকেটে হারিয়ে সপ্তম ম্যাচে মাত্র দ্বিতীয় জয় পেয়েছে ডেকান। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ডেকান চার্জার্স শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। বিশেষ করে গিলক্রিস্ট। দলীয় ২৪ রানে হার্শেল গিবস (১০) মানপ্রিত গোনিকে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার পর স্কট স্টাইরিসের সঙ্গে মাত্র ৫.৪ ওভারে ৫৪ রানের জুটি গড়েন তিনি। ৩৪ বলে ফিফটিতে পৌঁছানো গিলক্রিস্টকে থামিয়েছেন অ্যালবি মরকেল, বদ্রিনাথের ক্যাচ বানিয়ে। 'গিলি'র ৩৬ বলে ৫৪ রানের ইনিংসটা সাজানো ছিল ৭টি বাউন্ডারি ও দুটো ছক্কায়। গিলক্রিস্ট ফিরে যাওয়ার পর রোহিত শর্মাকে নিয়ে ৬.২ ওভারে ৪৭ রানের জুটি গড়ে ডেকানের সহজ জয় নিশ্চিত করেন স্টাইরিস। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত ১৭ বলে ২৩ রান করে মুরালিধরনকে তুলে মারতে গিয়ে লং অনে বদ্রিনাথকে ক্যাচ দিয়েছেন। শহীদ আফ্রিদিকে নিয়ে বাকি কাজটা সেরেছেন ৪১ বলে ৩৬ রানে অপরাজিত থাকা স্টাইরিস। ৬ বলে দুটি করে চার ও ছক্কায় ২০ রানে অপরাজিত ছিলেন আফ্রিদি। তাই দুই ওভার হাতে রেখে সহজ জয় পেয়েছে ডেকান চার্জার্স। এর আগে টস হেরে ব্যাট করতে নামা চেন্নাই সুপার কিংস শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। ফিফটি পাননি এক জনও। ২১ বলে সর্বোচ্চ ৩২ রান এসেছে সুরেশ রায়নার ব্যাট থেকে। তারপরও মরকেল (১৯ বলে অপরাজিত ২৯), অধিনায়ক ধোনি (৩১ বলে ২৩), যোগিন্দর শর্মা (১০ বলে ১৬) ও গোনি (৬ বলে অপরাজিত ১৫) ব্যাট হাতে মোটামুটি অবদান রাখায় ২০ ওভারশেষে চেন্নাইয়ের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৪৪ রান। ৩ ওভার বল করে ১২ রানে ২ উইকেট নেয়া আরপি সিং ডেকান চার্জার্সের সেরা বোলার। একটি করে উইকেট নিয়েছেন বিজয়কুমার (১/১৭), স্টাইরিস (১/২৪), আফ্রিদি (১/২৭), সঞ্জয় বাঙ্গার (১/৩৬) ও প্রজ্ঞান ওঝা (১/২২)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২৩৫২ঘ.