ঢাকা, ৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ওয়েষ্ট ইন্ডিজে মাঠের পারফরম্যান্স দিয়েই শুধু নজর কাড়েনি বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ দল। দলটির শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, দলীয় প্রচেষ্টা, সুন্দর আচরণ এবং মাঠ ও মাঠের বাইরের কার্যক্রমও মনে ধরেছে ক্লিকো অনুর্ধ্ব-১৫ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের আয়োজকদের। যে কারণে তারা বাংলাদেশের কিশোরদের এই দলটিকে ভূষিত করেছে 'স্পিরিট অফ দি গেম অ্যাওয়ার্ড' এ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সুসংবাদটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আট দলের এই প্রতিযোগীতায় অংশ নিয়ে ৭ মে ভোরে ঢাকায় ফেরার কথা বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ দলের। ফেরার সময় টুর্নামেন্টে তৃতীয় হওয়ার আনন্দই কেবল সঙ্গী হচ্ছে না তাদের। বাড়তি অর্জন হিসেবে থাকছে এই 'স্পিরিট অফ দি গেম অ্যাওয়ার্ড'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১০ঘ.
bdnews24