ঢাকা, ৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- গ্রামীণফোন অ্যাকাডেমি কাপের শেষ চারদিনের ম্যাচে দু'দলের অবস্থা প্রায় সমান। শনিবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিনের শেষে জিপি-বিসিবি অ্যাকাডেমির ২৬৪ রানের জবাবে পাকিস্তান অ্যাকাডেমি ৮ উইকেটে তুলেছে ২৭৬ রান। পাকিস্তানের বড় লিড নেওয়ার ক্ষীণ সম্ভাবনাটা ধরে রেখেছেন এখন পর্যন্ত দলের সফলতম ব্যাটসম্যান আজহার আলী।
দ্বিতীয় দিন শেষে ৭৪ রানে অপরাজিত মিডল অর্ডার ব্যাটসম্যান আজহারের ওপরই নির্ভর করছে পাকিস্তানের এগিয়ে যাওয়াটা। ইনিংসে এখন পর্যন্ত স্বাগতিক দলের সেরা বোলার ফরহাদ হোসেন। এই অফস্পিনার ৪৯ রানে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া পেসার ডলার মাহমুদ দুটো এবং সোহরাওয়ার্দী শুভ ও নাঈম ইসলাম নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে সকালে ৯ উইকেটে ২৬০ রান নিয়ে শুরু করা স্বাগতিকদের ইনিংস আর মাত্র ৪ রান যোগ করেই শেষ হয়ে যায়। আগেরদিনের ৮২ রানে দিন শেষ করা শামসুর রহমান শুভ ৮৬ রানে অপরাজিত থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/১৯৫২ ঘ.
bdnews24